ভারতের সুস্বাদু আম বহু বছর ধরেই বিদেশের বাজারে বিশেষ কদর পেয়ে এসেছে। কিন্তু এবার সেই রফতানিতেই বড় বাধা তৈরি করল Japan। দীর্ঘ দুই দশক পর ফের ভারতীয় আম আমদানির ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে জাপান সরকার। ফলে বিপাকে পড়েছেন দেশের বহু আম রফতানিকারক ও ব্যবসায়ী।
জাপানের অভিযোগ, ভারত থেকে রফতানির আগে আমের যে প্রক্রিয়াকরণ ও জীবাণুমুক্তকরণ ব্যবস্থা করা হয়, সেখানে গুরুতর ত্রুটি রয়েছে। বিশেষ করে ‘ট্রিটমেন্ট ফ্যাসিলিটি’-র কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলেছে সে দেশের কোয়ারেন্টাইন কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ২৫ মার্চের পর ভারত থেকে পাঠানো কোনো আমই আর গ্রহণ করবে না জাপান। এমনকি গুণমান পরীক্ষার শংসাপত্র থাকলেও তা মানতে নারাজ টোকিও।
সূত্রের খবর, চলতি বছরের মার্চে জাপানের একটি প্রতিনিধি দল উত্তরপ্রদেশের রহমানপুরে অবস্থিত একটি ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শনে যায়। সেই সময় ফিউমিগেশন ও ভেপার হিট ট্রিটমেন্ট প্রক্রিয়ায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। আর তারপরই কঠোর সিদ্ধান্ত নেয় জাপান প্রশাসন।
আন্তর্জাতিক বাজারে আম রফতানির ক্ষেত্রে ভারত বহু বছর ধরে ‘ভেপার হিট ট্রিটমেন্ট’ প্রযুক্তি ব্যবহার করে আসছে। ২০০৭ সালে তিরুপতিতে প্রথম এই ধরনের আধুনিক প্ল্যান্ট চালু হয়। মূলত জাপানের মতো উচ্চমানের বাজারকে লক্ষ্য করেই এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছিল। কিন্তু বর্তমানে সেই ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাই প্রশ্নের মুখে পড়েছে।
যদিও জাপান ভারতের সবচেয়ে বড় আমের বাজার নয়, তবুও প্রিমিয়াম রফতানির ক্ষেত্রে এর গুরুত্ব অনেক। গত বছর প্রায় ২০ লক্ষ ডলারের আম জাপানে রফতানি হয়েছিল। গুজরাতের জনপ্রিয় ‘কেশর’ আমের পাশাপাশি আলফান্সো ও ল্যাংড়া জাতের আমেরও সেখানে যথেষ্ট চাহিদা রয়েছে। ফলে এই নিষেধাজ্ঞা কার্যকর হলে রফতানিকারকদের আর্থিক ক্ষতির পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের ওপরও প্রভাব পড়তে পারে।
ব্যবসায়ী মহলের দাবি, ভারত ও জাপানের গুণমান যাচাই প্রক্রিয়ার মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে, তা দ্রুত কূটনৈতিক ও প্রশাসনিক স্তরে সমাধান করা প্রয়োজন। না হলে ভবিষ্যতে জাপানের মতো লাভজনক বাজার পুরোপুরি হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।







