দেশের লক্ষাধিক কর্মরত প্রাথমিক শিক্ষকের জন্য বড় স্বস্তির বার্তা দিল সুপ্রিম কোর্ট। শিক্ষক যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা বা টেট (TET) পাশ করার সময়সীমা আরও এক বছর বাড়িয়ে ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। শুক্রবার রিভিউ মামলার শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়।
এর আগে আদালত জানিয়েছিল, ২০২৭ সালের ৩১ আগস্টের মধ্যে টেট উত্তীর্ণ হতে না পারলে সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরি ছাড়তে হবে। তবে নতুন রায়ে সেই সময়সীমা বাড়ানোয় শিক্ষক মহলে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে কর্মরত বহু শিক্ষক এই বাড়তি সময়কে প্রস্তুতির বড় সুযোগ হিসেবে দেখছেন।
তবে ডেডলাইন বাড়ালেও আদালত কিছু গুরুত্বপূর্ণ শর্তও বেঁধে দিয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, যেসব শিক্ষকের অবসরের আর পাঁচ বছর বা তার কম সময় বাকি রয়েছে, তাঁদের জন্য টেট পাশ বাধ্যতামূলক নয়। যদিও ভবিষ্যতে পদোন্নতি পেতে চাইলে তাঁদেরও টেট উত্তীর্ণ হতে হবে।
অন্যদিকে, যেসব শিক্ষকের চাকরির মেয়াদ এখনও পাঁচ বছরের বেশি, তাঁদের নির্ধারিত সময়ের মধ্যে টেট পাশ করতেই হবে। আদালতের নির্দেশ অমান্য করলে চাকরি হারানোর সম্ভাবনাও থাকছে। তবে মানবিকতার দিক বিবেচনা করে আদালত জানিয়েছে, চাকরি গেলেও অবসরকালীন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।
বর্তমানে দেশে প্রায় ৩০ লক্ষের বেশি কর্মরত প্রাথমিক শিক্ষক এখনও টেট পাশ করেননি বলে জানা গিয়েছে। ফলে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে একদিকে যেমন শিক্ষার মান বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে, তেমনই অন্যদিকে লক্ষাধিক শিক্ষকের চাকরি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তাও আপাতত কিছুটা কমল।







