বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর সংগঠনকে নতুন করে চাঙ্গা করতে এবার সরাসরি মাঠে নামছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আজ থেকেই ভোট-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় হচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগকে সামনে রেখে তিনি বেলেঘাটা ও সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকায় ক্ষতিগ্রস্ত দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করবেন। আগামী ২ জুন বীরভূমেও হিংসায় আক্রান্তদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে তাঁর।
একই দিনে কলকাতার ধর্মতলায় রানি রাসমণি রোডে ধরনা কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলীয় সূত্রে খবর, এই কর্মসূচির জন্য ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। তবে অনুমতি মিলবে কি না, তা নিয়ে দলের অন্দরে অনিশ্চয়তা রয়েছে।
গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন ঘটে। দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বিজেপি ক্ষমতায় আসে। ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই কালীঘাটে একাধিক সাংগঠনিক বৈঠক করলেও সরাসরি আন্দোলনের পথে নামেননি তিনি। তবে এবার সেই অবস্থান বদলাতে চলেছে বলেই রাজনৈতিক মহলের ধারণা।
নির্বাচনী পরাজয়ের পর থেকেই তৃণমূলের অন্দরে অসন্তোষ বাড়ছে। দলের একাংশ নেতৃত্ব প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি বিভিন্ন পুরসভা ও প্রশাসনিক পদ থেকে তৃণমূল প্রতিনিধিদের পদত্যাগও রাজনৈতিক চাপ বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে মমতা ও অভিষেকের যৌথ কর্মসূচিকে সংগঠন পুনর্গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে রাজনৈতিক মহল। ২ জুনের কর্মসূচি ঘিরে তাই রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে।







