খেলাধুলা

আইনি লড়াইয়ে আই লিগ চ্যাম্পিয়ন ইন্টার কাশী, বড়ো জরিমানার মুখে ফেডারেশন

ক্রীড়া মাঠের বাইরের লড়াই শেষমেশ হাসি ফোটাল ইন্টার কাশীর মুখে। দীর্ঘ টালবাহানা ও দ্বন্দ্বের পর আইনি লড়াই জিতে আই লিগ চ্যাম্পিয়নের মুকুট উঠল কাশ্মীরি ক্লাব ইন্টার কাশীর মাথায়। শুক্রবার ক্রীড়া আদালতের দ্বিতীয় ও চূড়ান্ত রায়ে জানিয়ে দেওয়া হয়, আই লিগ চ্যাম্পিয়ন হিসেবে ইন্টার কাশীকেই ঘোষণা করতে হবে। একইসঙ্গে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা।

ঘটনার সূত্রপাত জানুয়ারি মাসে। নামধারী এফসির বিরুদ্ধে ০-২ গোলে হারের পর ইন্টার কাশীর অভিযোগ ছিল, প্রতিপক্ষ অবৈধ খেলোয়াড় নামিয়ে নিয়ম ভেঙেছে। শৃঙ্খলারক্ষা কমিটি ইন্টার কাশীকে তিন পয়েন্ট ও তিন গোল দেয়। তবে নামধারীর আপিলে সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয় ফেডারেশনের আপিল কমিটি। ইন্টার কাশী সেই স্থগিতাদেশের বিরুদ্ধে ক্রীড়া আদালতের দ্বারস্থ হলে প্রথম দফায় তাদের পক্ষে রায় এলেও তাৎক্ষণিক চ্যাম্পিয়ন ঘোষণা সম্ভব হয়নি।

অবশেষে দ্বিতীয় দফার রায়ে আদালত জানিয়ে দেয়, চার্চিল ব্রাদার্স নয়, আই লিগ চ্যাম্পিয়ন ইন্টার কাশী। ফলে দ্বিতীয় স্থানে নেমে যেতে হয় চার্চিলকে। পাশাপাশি ৩ হাজার সুইস ফ্র্যাঙ্ক (প্রায় ৩.২২ লক্ষ টাকা) জরিমানা করা হয় ফেডারেশনকে, যা ইন্টার কাশীকে দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে।

এছাড়াও নামধারী এফসি, চার্চিল ব্রাদার্স ও রিয়াল কাশ্মীরকে ১ হাজার সুইস ফ্র্যাঙ্ক (প্রায় ১.০৭ লক্ষ টাকা) করে জরিমানা দিতে হবে। আদালতের এই রায় শুধু এক ক্লাব নয়, গোটা ভারতীয় ফুটবল ব্যবস্থাকেই প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.