টানা বৃষ্টিতে এখনও ভোগান্তি অব্যাহত দক্ষিণবঙ্গজুড়ে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপের প্রভাবে একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর মধ্যেই তিন জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। তবে দুর্যোগের মধ্যেই মিলেছে স্বস্তির পূর্বাভাস—আর বেশি দিন নয়, ধীরে ধীরে কমবে বৃষ্টির দাপট।
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার তৈরি হওয়া গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ সেটি কলকাতা থেকে প্রায় ৮০ কিলোমিটার, বাঁকুড়া থেকে ১৬০ কিলোমিটার এবং বালেশ্বর থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ড ও বিহারের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তিন জেলায় লাল সতর্কতা
মঙ্গলবার সবচেয়ে বেশি দুর্যোগের আশঙ্কা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে। এই তিন জেলায় ভারী থেকে অতিভারী, এমনকি কোথাও কোথাও চরম ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও পরিস্থিতি প্রতিকূল থাকবে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
কবে কমবে বৃষ্টি?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে। বুধবারও পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
তবে বড় স্বস্তি মিলতে পারে বৃহস্পতিবার থেকে। সেই সময় দক্ষিণবঙ্গে দুর্যোগের পরিস্থিতি অনেকটাই কেটে গিয়ে আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও এখনই পুরোপুরি স্বস্তি নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বুধবার-বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলতে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে উত্তরবঙ্গেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা রয়েছে।







