আকাশে মেঘ, বাতাসে আর্দ্রতা, আর উৎসবের মাঝেই ফের বৃষ্টির পূর্বাভাস। কালীপুজোর দিনেও দক্ষিণবঙ্গে থামছে না বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সোমবার (২০ অক্টোবর) দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় জারি হয়েছে ‘হলুদ সতর্কতা’।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম আপাতত বৃষ্টি মুক্ত থাকবে বলেই জানা গিয়েছে।
কলকাতার আবহাওয়া
আজ কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা কম। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা প্রায় ৯০ শতাংশ, তাই দিনভর থাকবে অস্বস্তিকর গরম। শীতের অপেক্ষা আরও একটু দীর্ঘ হচ্ছে শহরবাসীর জন্য।
সপ্তাহান্তে ফের বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫ ও ২৬ অক্টোবর (শনিবার ও রবিবার) ফের বৃষ্টি ফিরতে পারে বাংলায়। বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে— দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে — বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণা বাতাস এবং পশ্চিমী হাওয়ার সংস্পর্শে ফের সিস্টেম তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে।
উত্তরবঙ্গের আবহাওয়ার
উত্তরবঙ্গে আজ রোদঝলমলে দিন। তবে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিচ্ছিন্নভাবে দু’এক পশলা বৃষ্টি হতে পারে। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর ও মালদা জেলায় শুষ্ক আবহাওয়াই থাকবে।
নিম্নচাপের জোড়া সিস্টেম
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই পরিবর্তনের মূল কারণ দুটি নিম্নচাপের সম্ভাবনা— একটি দক্ষিণ-পূর্ব আরব সাগর ও লাক্ষাদ্বীপ সংলগ্ন অঞ্চলে, অন্যটি দক্ষিণ আন্দামান সাগরে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুটি সিস্টেমই শক্তিশালী হতে পারে। এর প্রভাবে রাজ্যের আবহাওয়ায় ফের দেখা দিতে পারে অস্থিরতা।







