চার বছর আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনা রাজ্যজুড়ে আলোড়ন ফেলেছিল। এরপর সরকার পরিবর্তনের পর এক তৃণমূল নেতার পাটখেত থেকেও বস্তাবন্দি টাকা উদ্ধার হয়। এবার কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার হল দুই ব্যাগ ভর্তি উইয়ে ক্ষতিগ্রস্ত টাকা, যা ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
মঙ্গলবার মশার লার্ভা নির্মূলের উদ্দেশ্যে কলকাতা পুরসভার কর্মীরা কলেজে যান। সেই সময় ইউনিয়ন রুমের তালা খুলতে বলা হলে অধ্যাপকদের অনুমতি নিয়ে সাফাইকর্মীরা তালা ভাঙেন। এরপর ঘরের একটি আলমারি থেকে দুই ব্যাগ ভর্তি নগদ টাকা উদ্ধার হয়, যার বেশিরভাগই উইপোকার আক্রমণে নষ্ট হয়ে গিয়েছে বলে জানা যায়।
এই বিপুল অর্থ কলেজের ইউনিয়ন রুমে কীভাবে এল, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় সূত্রের দাবি, উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকার মধ্যে হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুচিপাড়া থানার পুলিশ। অভিযোগ উঠেছে, দেবাশিস বন্দ্যোপাধ্যায় নামে এক তৃণমূল নেতা দীর্ঘদিন ধরে ওই ইউনিয়ন রুমের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতেন।
ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বরাহনগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। তাঁর বক্তব্য, আগে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, পরে পাটখেত থেকে নগদ অর্থ মিলেছে, আর এখন কলেজের ইউনিয়ন রুমে লক্ষ লক্ষ টাকা পাওয়া গেল। তিনি দাবি করেন, এত পরিমাণ টাকা দীর্ঘদিন পড়ে থাকায় উইপোকা তা নষ্ট করেছে। তাঁর অভিযোগ, কলেজের ছাত্রভর্তি ও বিভিন্ন তহবিলের অর্থের সঙ্গে এই ঘটনার যোগ থাকতে পারে। পাশাপাশি তিনি সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতারের দাবিও জানিয়েছেন।
অন্যদিকে, সিপিএম নেতা শতরূপ ঘোষও ঘটনার তীব্র সমালোচনা করেছেন। তাঁর কটাক্ষ, যারা লক্ষ লক্ষ টাকা ফেলে রেখে উইপোকার খাদ্য বানাতে পারে, তারা আরও কত বিপুল অর্থ আত্মসাৎ করেছে তা সহজেই অনুমেয়।







