রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েও সাড়া পেলেন না ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির । তাঁর পাঠানো বৈঠকের আহ্বান প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, যার ফলে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
জানা গেছে, সম্প্রতি পুতিনের উদ্দেশে পাঠানো এক বার্তায় জেলেনস্কি যুদ্ধ থামাতে সরাসরি আলোচনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে চলা সংঘাতের সমাধানে কেবল আন্তর্জাতিক মধ্যস্থতার উপর নির্ভর করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিভিন্ন আন্তর্জাতিক সংকটের কারণে ইউক্রেন ইস্যুতে বিশ্বশক্তিগুলির মনোযোগও কিছুটা বিভক্ত হয়ে পড়েছে বলে তিনি ইঙ্গিত দেন।
তবে মস্কোর অবস্থান অপরিবর্তিত। সেন্ট পিটার্সবার্গে এক অনুষ্ঠানে পুতিন স্পষ্ট জানান, এই মুহূর্তে জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রয়োজন তিনি অনুভব করছেন না। তাঁর মতে, আলোচনায় বসার আগে সম্ভাব্য শান্তিচুক্তির কাঠামো ও শর্তাবলি নিয়ে স্পষ্ট সমঝোতা হওয়া জরুরি।
পুতিনের এই অবস্থানের তীব্র সমালোচনা করেছে কিয়েভ। ইউক্রেনের দাবি, রাশিয়া এখনও সামরিক পথেই সমাধান খুঁজছে এবং সংঘাত শেষ করার ক্ষেত্রে আন্তরিকতার অভাব দেখাচ্ছে। জেলেনস্কির মতে, শান্তি আলোচনার ক্ষেত্রে রাশিয়ার এই অনীহা শুধু ইউক্রেন নয়, আন্তর্জাতিক মহলেও হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।
যুদ্ধবিরতি নিয়ে দুই দেশের অবস্থান এখনও একেবারেই বিপরীত মেরুতে। রাশিয়া বেশ কয়েকটি অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীর সরে যাওয়ার দাবি জানিয়ে আসছে এবং কিয়েভের ন্যাটোতে যোগদানের প্রচেষ্টারও বিরোধিতা করছে। অন্যদিকে ইউক্রেন স্পষ্ট করে দিয়েছে, নিজেদের সার্বভৌম ভূখণ্ডের কোনো অংশ ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না।
২০২২ সালে শুরু হওয়া এই যুদ্ধ ইতিমধ্যেই আধুনিক ইউরোপের অন্যতম ভয়াবহ সংঘাতে পরিণত হয়েছে। দীর্ঘ চার বছরের সংঘর্ষে বিপুল প্রাণহানি, অবকাঠামোর ধ্বংস এবং কোটি মানুষের বাস্তুচ্যুতি বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে শান্তি আলোচনা আবারও অনিশ্চয়তার মুখে পড়ায় যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশা আপাতত অনেকটাই ফিকে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।







