২৯ এ বাংলায় দ্বিতীয় দফার নির্বাচন । আর এই দ্বিতীয় দফার ভোটের আগের বড় চমক যোগীরাজ্যের ‘সিংহম’ আইপিএস অফিসার অজয় পাল শর্মা । ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ অজয় পাল শর্মা , দক্ষিণ ২৪ পরগণার দায়িত্ব পাওয়ার পর থেকেই একদম দাবাং স্টাইলে নিজের কাজ শুরু করে দিয়েছেন । ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের পরিবারকে হুঁশিয়ারি দেওয়ার ভিডিও । তবে এবার প্রকাশ্যে তাঁর এক গোপন ভিডিও ( ভিডিওর সত্যতা যাচাই করে নি সময় ৩৬৫ )। এই ভিডিও পোস্ট করে ‘ সিংহম ‘ কে মিষ্টি ভাষায় কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন মহুয়া মৈত্র । প্রকাশ করা ভিডিওয় দেখা যায় , অজয় পাল শর্মা এক লাস্যময়ীর সঙ্গে ফুর্তিতে ব্যস্ত । মহুয়া ছাড়াও অজয় পাল শর্মার দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন অখিলেশ যাদবও ।
সোমবার অজয় পাল শর্মার ভাইরাল হওয়া ভিডিওয় , তাঁকে জাহাঙ্গিরের পরিবারকে হুশিয়ারি দিতে দেখা যায়। তাঁকে বলতে শোনা যায় , ‘‘সবাই কান খুলে শুনে রাখুন, কোনও ঝামেলা করলে এমন চিকিৎসা করব না…এখানে জাহাঙ্গিরের পরিবারের লোকজন আছে। তাদের বলছি, ওর লোকজন নাকি হুমকি দিয়ে বেড়াচ্ছে শুনছি। ওকে বলে দেবেন এসব করলে আমি কিন্তু সব খবর নেব। পরে এমন করব তখন কেঁদেকেটেও লাভ হবে না।” উল্লেখ্য এই হুমকি ভিডিও , সমাজ মাধ্যমে ভাইরাল হতেই , তৃণমূল কংগ্রেসের তরফে, আইপিএস অফিসারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সমাজ মাধ্যমে পোস্ট করা হয়।
আর এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র একটি ভিডিও ( ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় ৩৬৫ ) পোস্ট করেন সমাজ মাধ্যমে । ভিডিওতে দেখা যায়, যোগীরাজ্যের এই ‘সিংহম’কে এক লাস্যময়ীর সঙ্গে নাচগান করতে । এই ভিডিও পোস্ট করে , অজয় পাল শর্মাকে ‘ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া’ বলে সম্বোধন করেছেন মহুয়া । মহুয়া পোস্টে আরও লেখেন , ‘দেখে ভালো লাগছে যে আপনি ফান্টা স্টাইলে ফূর্তি করতে ব্যস্ত। ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকুন। আর মনে রাখবেন, বাংলায় সবসময়ে তৃণমূল।’ আরেকটি ভিডিওতে তৃণমূল সাংসদ লেখেন , ‘আশা করি নাচের চেয়ে পেশা অর্থাৎ পুলিশিতে দক্ষ আপনি।’
এছাড়াও অখিলেশ যাদব লিখেছেন , ” বাংলার নির্বাচনের সময় অবজারভার হিসেবে নিযুক্ত উত্তর প্রদেশের এক সিনিয়র পুলিশ কর্মকর্তার অশোভন ভিডিও যেভাবে প্রকাশ্যে ঘুরছে, তা উত্তর প্রদেশ সরকারের শাসন-প্রশাসনের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। পাশাপাশি বিজেপি সরকারের তথাকথিত ‘নারী সম্মান’ ও ‘নারী বন্দনা’র দাবিও মহিলাদের সামনে পুরোপুরি ভেঙে পড়েছে।
বিজেপি শাসন-প্রশাসনে এমন ব্যক্তি বা কর্মকর্তা কোনো ব্যতিক্রম নয়। নারীরা ভাবতে বাধ্য হচ্ছেন, যাদের হাতে তাদের নিরাপত্তার দায়িত্ব, তারা যদি এমন হন, তাহলে তাদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে? আজ বিজেপির সঙ্গে যুক্ত প্রতিটি নারী লজ্জিত, কারণ তাঁদের ঘরেও বোন-মেয়েরা আছেন। “







