ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৯ জন। দুর্ঘটনার পর বাসে আগুন লেগে যাওয়ায় হতাহতের সংখ্যা দ্রুত বেড়ে যায় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
পুলিশ ও স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এরপর মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায়। ঘটনায় নিহত সকলেই ইরাকি নাগরিক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের দাবি, বেশ কয়েকজনের শরীরের বড় অংশ আগুনে পুড়ে যাওয়ায় তাঁদের অবস্থা অত্যন্ত সংকটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পর দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। দ্রুত একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে। স্থানীয়দের অভিযোগ, খারাপ রাস্তা, বেপরোয়া গাড়ি চালানো এবং ট্রাফিক আইন যথাযথভাবে কার্যকর না হওয়ার ফলে ইরাকে প্রায়ই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।







