রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেসের নেতা প্রকাশ চিক বরাইক। বৃহস্পতিবার তিনি উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। চলতি সপ্তাহে তৃণমূলের রাজ্যসভা সাংসদদের মধ্যে এটি তৃতীয় পদত্যাগের ঘটনা। এর আগে সুখেন্দু শেখর রায় ও সুস্মিতা দেবও সাংসদ পদ ছেড়েছিলেন।
প্রকাশ চিক বরাইক উত্তরবঙ্গে তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেও রাজনৈতিক মহলে তাঁর পরিচিতি রয়েছে। ২০২৩ সালে তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল। পরে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে প্রার্থী করা হলেও তিনি জয় পাননি।
তাঁর পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা কমে দাঁড়াল ১০-এ। তবে কেন তিনি হঠাৎ সাংসদ পদ ছাড়লেন, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট কারণ সামনে আসেনি। প্রকাশ নিজেও এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
ফলে তাঁর পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এটি কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি ভবিষ্যতে আরও বড় কোনও রাজনৈতিক পদক্ষেপের ইঙ্গিত—তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। এখন সকলের নজর প্রকাশ চিক বরাইকের পরবর্তী পদক্ষেপের দিকে।







