ক্যানসারের চিকিৎসার খরচ আরও বেড়ে গেল। কেমোথেরাপিতে বহুল ব্যবহৃত দুটি ওষুধ— সিসপ্ল্যাটিন ও কার্বোপ্ল্যাটিনের দাম বাড়ানোর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে দেশের বাজারে এই দুই ওষুধের সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রকের অনুমোদনে ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার (ডিপিসিও)-এর ১৯ নম্বর ধারা প্রয়োগ করা হয়েছে। এই ধারার মাধ্যমে সরকার বিশেষ পরিস্থিতিতে ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে। কেন্দ্রীয় কেমিক্যাল ও ফার্টিলাইজার মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) দেশের ওষুধের মূল্য নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে।
সূত্রের খবর, মোট ৮৩টি ওষুধের দাম বৃদ্ধির আবেদন জমা পড়েছিল কেন্দ্রীয় কমিটির কাছে। তবে তার মধ্যে মাত্র চারটি ওষুধের মূল্যবৃদ্ধিতে অনুমতি দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে কেমোথেরাপিতে ব্যবহৃত সিসপ্ল্যাটিন ও কার্বোপ্ল্যাটিন।
ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির দাবি, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই)-এর মূল্য বৃদ্ধি, উৎপাদন ব্যয়ের ঊর্ধ্বগতি এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার কারণে এই মূল্যবৃদ্ধি প্রয়োজন হয়ে পড়েছে। যদিও কেন্দ্রীয় কমিটি জরুরি প্রয়োজন বিবেচনা করেই সীমিত সংখ্যক ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।







