মেসি ইভেন্ট সংক্রান্ত মামলায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের তলব করল পুলিশ। বিধাননগর দক্ষিণ থানার পক্ষ থেকে তাঁকে তৃতীয়বারের জন্য নোটিস পাঠানো হয়েছে। নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বর্তমানে অরূপ বিশ্বাসের অবস্থান সম্পর্কে স্পষ্ট কোনও তথ্য নেই। আগের দু’বারের মতো এবারও তিনি পুলিশের ডাকে সাড়া দেন কি না, সেদিকেই নজর রয়েছে।
উল্লেখ্য, গত ১৭ মে মেসির ‘গোট টুর’-এর আয়োজক শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগে টিকিট কালোবাজারি, চাঁদাবাজি, প্রতারণা, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির মতো একাধিক বিষয় উল্লেখ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।
প্রথমে গত ৪ জুন থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল অরূপ বিশ্বাসকে। কিন্তু তিনি অসুস্থতার কারণ দেখিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং জানান, অন্তত দু’সপ্তাহের আগে তাঁর পক্ষে হাজির হওয়া সম্ভব নয়। যদিও সেই আবেদন মেনে নেয়নি পুলিশ।
পরবর্তীতে ৮ জুন সকাল ১১টার মধ্যে থানায় হাজির হওয়ার নতুন নির্দেশ দেওয়া হয়। তার আগের দিন প্রাক্তন মন্ত্রীর বাড়িতে দুটি নোটিস টাঙিয়ে আসে পুলিশ। সেখানে উল্লেখ করা হয়, অসুস্থতার দাবি সমর্থন করার মতো কোনও চিকিৎসা সংক্রান্ত নথি বা মেডিক্যাল রিপোর্ট তিনি জমা দেননি। ফলে নির্ধারিত দিনে থানায় উপস্থিত হওয়া বাধ্যতামূলক বলে জানানো হয়। কিন্তু সেদিনও তিনি থানায় যাননি এবং তাঁর আইনজীবীর তরফ থেকেও কোনও বার্তা পৌঁছয়নি।
এরই মধ্যে গ্রেপ্তারি এড়াতে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন অরূপ বিশ্বাস। সেই আবেদন খারিজ হয়ে যায়। পরে তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। প্রথমদিকে সেখানেও ধাক্কা খেলেও পরে আদালত নির্দেশ দেয়, তাঁকে তলব করার ক্ষেত্রে অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে। একইসঙ্গে আদালত স্পষ্ট করে দেয়, তদন্ত প্রক্রিয়া স্বাভাবিক নিয়মেই চলবে। তবে আদালতের অনুমতি ছাড়া তাঁকে গ্রেপ্তার করা যাবে না এবং আদালতের অনুমতি ব্যতীত তিনি রাজ্যের বাইরে যেতে পারবেন না।
এখন দেখার, পুলিশের তৃতীয় নোটিসের জবাবে অরূপ বিশ্বাস শেষ পর্যন্ত থানায় হাজির হন কি না।







