খেলাধুলা

এশিয়া কাপে বৈভব সূর্যবংশীকে চান শ্রীকান্ত

আগামী মঙ্গলবার ঘোষণা হবে ভারতের এশিয়া কাপ দল। কাদের নেওয়া হবে সেই তালিকায়, তা নিয়ে ইতিমধ্যেই সমর্থকদের কৌতূহল তুঙ্গে। প্রধান কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকরের জন্য কাজটা সহজ হচ্ছে না।

এই পরিস্থিতিতে প্রাক্তন নির্বাচক প্রধান কৃষ্ণমাচারি শ্রীকান্ত জানালেন, তিনি হলে মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশীকে দলে নিতেন। রাজস্থানের হয়ে গত আইপিএলে অল্প কয়েকটি ম্যাচ খেলেই নজর কেড়েছে বৈভব। তাঁর ব্যাটিং দেখে অনেকেই অবাক হয়েছেন। শ্রীকান্তের মতে, “এখনই ওকে সুযোগ দেওয়া উচিত। আরও পরিণত হোক বলে অপেক্ষা করানো ঠিক নয়।”

শ্রীকান্তের পছন্দের ওপেনিং জুটিও আলাদা। তিনি প্রথমে নিতেন অভিষেক শর্মাকে। তার সঙ্গে বৈভব, সাই সুদর্শন বা যশস্বী জয়সওয়ালের মধ্যে দু’জনকে রাখতেন। শুভমন গিলকে রাখতেন বিকল্প হিসেবে।

তবে নির্বাচকদের চিন্তাভাবনা আলাদা। সাম্প্রতিক সিরিজে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন ওপেন করেছেন। যশস্বী বা শুভমন সুযোগ পাননি। ফলে এশিয়া কাপে হঠাৎ তাঁদের ফেরানো হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে। আপাতত বৈভবকেও দলে নেওয়ার সম্ভাবনা খুব বেশি দেখছেন না নির্বাচকরা।

তবে বৈভবকে ইতিমধ্যেই ভবিষ্যতের তারকা হিসেবে দেখা হচ্ছে। অনূর্ধ্ব-১৯ এবং ভারত ‘A’ দলের হয়ে খেলেছে সে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে গত আইপিএলে মাত্র ৩৫ বলে শতরান করে নজর কেড়েছিল। ভারতীয়দের মধ্যে সেটাই দ্রুততম শতরান। তাই টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপের জন্য তাঁকে চান শ্রীকান্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.