দাম্পত্য কলহের জেরে মাত্র ছয় মাসের সংসার ভেঙে গেল এক মর্মান্তিক ঘটনায়। স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর ফোন নম্বর ব্লক করে দেওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে আত্মঘাতী হলেন ২৩ বছরের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের বেলাচেরি এলাকায়। ময়নাতদন্তে জানা গিয়েছে, মৃত্যুকালে ওই তরুণী অন্তঃসত্ত্বা ছিলেন।
পুলিশ সূত্রে খবর, বেলাচেরির বাসিন্দা রঞ্জিতার সঙ্গে ছয় মাস আগে গিন্ডির বাসিন্দা কুমারেশের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে অশান্তি চলছিল বলে অভিযোগ। কিছুদিন আগে অভিমান করে রঞ্জিতা বাপের বাড়িতে চলে আসেন। তবে আলাদা থাকলেও স্বামীর সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ রাখতেন তিনি।
তদন্তকারীদের দাবি, গত বৃহস্পতিবার রঞ্জিতা একাধিকবার স্বামীকে ফোন করেছিলেন। কিন্তু কুমারেশ কথা বলতে অনিচ্ছুক ছিলেন। পরে তিনি স্ত্রীর মোবাইল নম্বর ব্লক করে দেন। এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তরুণী। অভিযোগ, সেই রাতেই বাড়িতে একা থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসকরা জানান, রঞ্জিতা গর্ভবতী ছিলেন। এই তথ্য সামনে আসতেই শোকের ছায়া নেমে আসে দুই পরিবারে।
তবে শুধুমাত্র ফোন নম্বর ব্লক করার ঘটনাই আত্মহত্যার কারণ কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। দাম্পত্য জীবনে অন্য কোনও চাপ, মানসিক নির্যাতন বা পারিবারিক সমস্যার যোগ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বিয়ের মাত্র ছয় মাসের মধ্যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটায় নিয়ম মেনে আরডিও (Revenue Divisional Officer) তদন্তও শুরু হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পরিবারের সদস্য ও স্বামীর বক্তব্যও নথিভুক্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।







