কলকাতা

১১ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডি অফিস থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ১১ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত কলকাতার সিজিও কমপ্লেক্সে তাঁকে জেরা করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আধিকারিকরা।

সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিষেক। ইডি সূত্রের খবর, মধ্যাহ্নভোজ এবং সন্ধ্যার টিফিনের জন্য স্বল্প সময়ের বিরতি দেওয়া হলেও দিনের বেশিরভাগ সময় জুড়েই চলে জিজ্ঞাসাবাদ। রাত ১০টা ২ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন তিনি।

জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান, তদন্তে তিনি সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও তদন্তকারী সংস্থা ডাকলে হাজির হবেন। তিনি বলেন, “এই মামলায় আমাকে শেষবার ডাকা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। তার আগেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সব মিলিয়ে ১০ থেকে ১২ বার তদন্তকারী সংস্থার সামনে হাজির হয়েছি। আমার সামর্থ্য অনুযায়ী সমস্ত তথ্য দিয়ে সাহায্য করেছি।”

একইসঙ্গে বিজেপিকেও নিশানা করেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। রাজনৈতিক চাপের প্রসঙ্গে সরাসরি মন্তব্য না করলেও তিনি অভিযোগ করেন, গত এক মাস ধরে বিরোধীশূন্য করার চেষ্টা চলছে এবং বিভিন্ন রাজনৈতিক দলে ভাঙন ধরানোর খেলা চলছে।

তবে অভিষেকের এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তিনি বলেন, “বিজেপি কোথায় দল ভাঙাচ্ছে? তাঁরাই তো দু’জন কংগ্রেসের কাছে গিয়েছিলেন। সেখানে জায়গা না পেয়ে আবার ফিরে এসেছেন।”

ইডি সূত্রে জানা গিয়েছে, সোমবারের জিজ্ঞাসাবাদের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ান রেকর্ড করা হয়েছে। আপাতত তাঁকে নতুন করে তলব করা হয়নি। তদন্তকারীরা তাঁর বক্তব্য ও নথিপত্র খতিয়ে দেখার পর পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন বলে জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.