দেশ

ব্যাঙ্কে ঋণ নিতে গেলে আর জোর করে বিমা নয়! গ্রাহকদের স্বস্তি দিয়ে কড়া পদক্ষেপ RBI-এর

ব্যাঙ্কে কোনও পরিষেবা নিতে গিয়ে অনেক সময় গ্রাহকদের অভিযোগ থাকে—ঋণের সঙ্গে জুড়ে দেওয়া হয় বিমা, অপ্রয়োজনীয় আর্থিক পণ্য বা নানা ধরনের পরিষেবা। এবার সেই ধরনের অভিযোগের বিরুদ্ধে কড়া অবস্থান নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

নতুন নির্দেশিকায় RBI স্পষ্ট জানিয়েছে, গ্রাহকের প্রয়োজন বা আর্থিক প্রোফাইলের সঙ্গে সামঞ্জস্য না থাকা কোনও পণ্য বা পরিষেবা ব্যাঙ্ক বিক্রি করতে পারবে না। গ্রাহককে ভুল তথ্য দিয়ে বা চাপ সৃষ্টি করে কোনও আর্থিক পণ্য কিনতে বাধ্য করাও নিষিদ্ধ করা হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের জারি করা নতুন নিয়ম অনুযায়ী, কোনও ঋণের শর্ত হিসেবে বিমা বা অন্য কোনও আর্থিক পণ্য নেওয়ার জন্য গ্রাহককে বাধ্য করা যাবে না। একইসঙ্গে গ্রাহকের স্পষ্ট সম্মতি ছাড়া কোনও পরিষেবা বিক্রি করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নিয়মে আরও বলা হয়েছে, কোনও ব্যাঙ্ক যদি বিভ্রান্তিকর তথ্য দিয়ে বা চাপ সৃষ্টি করে কোনও পণ্য বিক্রি করে, তাহলে গ্রাহক অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণও দিতে হতে পারে।

RBI জানিয়েছে, এই নির্দেশিকা ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। তার আগে নিয়মগুলি বাস্তবায়নের জন্য ব্যাঙ্কগুলিকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে।

ব্যাঙ্কিং ক্ষেত্রে গ্রাহক সুরক্ষা আরও জোরদার করতেই এই পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিশেষ করে গৃহঋণ, ব্যক্তিগত ঋণ বা অন্যান্য আর্থিক পরিষেবার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ওঠা ‘মিস-সেলিং’-এর অভিযোগ কমাতেই RBI-এর এই কড়া অবস্থান গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.