নিজস্ব সংবাদদাতা: ছয় বছরের অপেক্ষার পর টেস্ট ক্রিকেট ফিরল ইডেন গার্ডেন্সে। গ্যালারি ভর্তি দর্শকের সামনে প্রথম দিনেই দেখা গেল ভারতীয় বোলিংয়ের দুরন্ত দাপট। দক্ষিণ আফ্রিকা মাত্র ১৫৯ রানে অলআউট হয়ে যাওয়ায় ম্যাচের শুরুতেই দৃঢ় অবস্থান তৈরি করে নিল ভারত। আর দিনের পরতে পরতে জায়গা করে নিল জসপ্রীত বুমরাহর ঐতিহাসিক ‘ফাইফার’ — সঙ্গে বাভুমাকে উদ্দেশ করে তাঁর কথোপকথন ঘিরে তৈরি হওয়া ছোটখাটো বিতর্কও।
বাভুমা প্রসঙ্গে বুমরাহর মন্তব্য: বিতর্কে প্রোটিয়া শিবিরের প্রতিক্রিয়া
ত্রয়োদশ ওভারে বুমরার দ্রুত গতির বলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা এলবিডব্লিউ থেকে অল্পের জন্য বেঁচে যান। ডিআরএস নেবে কি না, সেই নিয়ে বুমরা–ঋষভ পন্থের আলাপচারিতা স্টাম্প মাইকে ধরা পড়ে। সেখানে বুমরাকে বলতে শোনা যায়, “বওনা ভি তো হ্যায় ইয়ে,” যা বাংলা করলে দাঁড়ায় “এ তো খাটোও।” কিছু মহল এই মন্তব্যকে ‘বডি শেমিং’ হিসেবে দেখলেও দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স অবশ্য বিতর্কে বাড়তি রং না লাগানোর পক্ষেই।
তিনি জানান,
“এ নিয়ে আর কোনও আলোচনা হবে না। বিষয়টি আমি প্রথমবার শুনলাম। মাঠের ঘটনার বাইরে আমরা কিছুই টেনে বাড়াতে চাই না।”
বাভুমা অবশ্য ইনিংসে মাত্র ৩ রান করে কুলদীপ যাদবের বলে লেগ স্লিপে ধরা পড়েন।
বুমরাহর রেকর্ড-বাজিমাত: ১৭ বছরের পুরনো নজির ভাঙলেন
ভারতের মাটিতে লাল বলের টেস্টের প্রথম দিন পাঁচ উইকেট—
এই বিরল কীর্তি ১৭ বছর পর আবার দেখা গেল। বুমরাহর ৫/২৭ বোলিং ফিগার ছুঁয়ে ফেলল কিংবদন্তি ভগবত চন্দ্রশেখরকে— তাঁরও টেস্টে পাঁচ উইকেটের সংখ্যা ছিল ১৬।
এদিন বুমরাহর আগুনে বোলিংয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দিশেহারা হয়ে পড়ে প্রোটিয়া ব্যাটিং লাইনআপ।
দিনের খেলার চিত্র
ওপেনারদের দ্রুত শুরু থামিয়ে দেন বুমরাহই।
এরপর কুলদীপ ফিরিয়ে দেন বাভুমাকে।
লাঞ্চের পর সিরাজ ও বুমরাহর যৌথ চাপে একের পর এক উইকেট পড়তে থাকে।
অক্ষর প্যাটেল করবিন বসকে আউট করলে আরও ধস নামে।
শেষ পর্যন্ত বুমরাই শেষ দুটি উইকেট তুলে দিয়ে ১৫৯ রানে ইতি টানেন প্রোটিয়াদের ইনিংসের।
ইনিংস বিরতির পরে ভারতের হয়ে সতর্ক সূচনা করেন যশস্বী জয়সওয়াল ও কে এল রাহুল। কিন্তু ব্যাক্তিগত ১২ রানের মাথায় জনসন এর বলে ক্লিন বোল্ট হয়ে যায়। এর পর আর কোন উইকেট না খুঁইয়ে দিনের শেষে সাবধানে ইনিংস শুরু করেছেন। স্বল্প রানের লক্ষ্যে বড় লিড তোলাই এখন ভারতের মূল লক্ষ্য। দীর্ঘদিন পর চোট সেরে ফিরে আসা ঋষভ পন্থও দলের ব্যাটিং অর্ডারে বড় ভূমিকা নিতে প্রস্তুত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করতে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ— আর প্রথম দিন শেষে সেই লক্ষ্যে ভারত ইতিমধ্যেই এগিয়ে।







