এশিয়ান কাপের মূলপর্বে যাওয়ার স্বপ্ন প্রায় শেষ। সিঙ্গাপুরের বিরুদ্ধে ঘরের মাঠে হতাশাজনক হারের পর ভারতের সামনে আর কোনও বাস্তবিক সমীকরণ নেই। তবুও ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটিকে শুধু ‘নিয়মরক্ষা’ বলে উড়িয়ে দিচ্ছেন না খালিদ জামিল। বরং এই ম্যাচকেই ভবিষ্যৎ গড়ার পরীক্ষার মঞ্চ হিসেবে দেখছেন ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ। আর সেই কারণেই তিনি ভরসা রেখেছেন তারুণ্যের উপর। ২৩ সদস্যের সম্ভাব্য দলে জায়গা পেলেন একাধিক উদীয়মান ফুটবলার। বাদ পড়লেন ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় নাম—সুনীল ছেত্রী।
সুনীলকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়ে স্বাভাবিক ভাবেই জল্পনা তুঙ্গে। টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, জাতীয় দলে আর না ফেরার সিদ্ধান্ত প্রায় পাকা করে ফেলেছেন সুনীল। তিনি মনে করছেন নতুন প্রজন্মই ভারতের ভবিষ্যৎ, আর তাঁর জায়গা করে দেওয়ার সময় এসেছে। তাই গুরুত্বহীন ম্যাচে নিজের নাম জায়গা আটকে রেখে কোনও লাভ দেখছেন না তিনি। তবে অভিজ্ঞতার ভারসাম্য বজায় রাখতে সন্দেশ ঝিঙ্গান এবং গুরপ্রীত সিং সান্ধুকে দলে রেখেছেন খালিদ।
বাংলা সমর্থকদের চোখে সবচেয়ে বড় স্বস্তির খবর—এবারও দলে জায়গা পেলেন রহিম আলি। সিঙ্গাপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে গোল করে নজর কেড়েছিলেন এই বঙ্গ সন্তান। তাঁকে কেন্দ্র করে আক্রমণভাগে নতুন রসায়ন তৈরির চেষ্টা দেখা যেতে পারে। তবে মোহনবাগান শিবিরের একাধিক তারকা বাদ পড়েছেন, যা নিয়ে শুরু হয়েছে আলোচনার ঝড়।
ম্যাচটি ‘নিয়মরক্ষা’ হলেও, নতুন ভারত গঠনের পথে এটি হতে পারে বড় মোড় ঘোরানোর মুহূর্ত। সিনিয়রদের ছায়া পেরিয়ে, এ বার আলোয় আসার সুযোগ তরুণদের। এখন দেখার, সেই সুযোগকে কতটা কাজে লাগাতে পারে তারা।







