রাজনীতি

‘বাইরের নয়, পরিবারের লোকেদের কাছেই ভয়’— মমতাকে নিয়ে দাবি অগ্নিমিত্রার

নিজের বাড়িতেও কি নিরাপদ নন মমতা বন্দ্যোপাধ্যায়? বাইরের মানুষের চেয়ে পরিবারের সদস্যদের কাছ থেকেই তাঁর বেশি আশঙ্কা— এমনই বিতর্কিত দাবি করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁর দীর্ঘদিনের পার্সোনাল সিকিউরিটি অফিসারদের (পিএসও) দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁর বাড়ির সামনে থাকা পুলিশ কিয়স্কও খালি পড়ে রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

মমতার নিরাপত্তা প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, রাজ্য সরকারের নিরাপত্তা নেবেন না কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নেবেন, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে তাঁর দাবি, বাইরের লোকজনের তুলনায় পরিবারের সদস্যদের কাছ থেকেই মমতার বেশি ভয় পাওয়ার কারণ রয়েছে। অতীতে এমন নানা ঘটনার কথা শোনা গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, পরিবারের মধ্যেই যদি নিরাপত্তার প্রশ্ন ওঠে, তাহলে তাঁকে রক্ষা করবে কে?

এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে অগ্নিমিত্রা আরও বলেন, গত ১৫ বছরে বাংলার সাধারণ মানুষকে নানা সমস্যার মুখে ঠেলে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশাল নিরাপত্তা বলয়, কনভয় এবং বাড়ির সামনে কড়া পুলিশি ব্যবস্থার মধ্যে থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন নিরাপত্তা না নেওয়ার সিদ্ধান্তের রাজনৈতিক তাৎপর্য কী, তা বাংলার মানুষই বিচার করবেন। একইসঙ্গে তিনি দাবি করেন, সাধারণ মানুষকে সংকটের মুখে রেখে নিজেকে সুরক্ষিত রাখার রাজনীতি করা হয়েছে এতদিন।

উল্লেখ্য, প্রায় দুই দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পিএসওদের বুধবার সরিয়ে দেওয়া হয়। পরে নতুন করে কয়েকজন অফিসারকে দায়িত্ব দেওয়ার চেষ্টা হলেও তাঁদের গ্রহণ করেননি মমতা। এই বিষয়ে তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন জানান, রাত সাড়ে ৯টা নাগাদ কয়েকজন অপরিচিত অফিসারকে বাড়িতে পাঠানো হয়েছিল। মমতা তাঁদের চিনতেন না বলেই তাঁদের ফিরিয়ে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.