কলকাতা: সোহরাওয়ার্দী এভিনিউ-এর নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জী রোড’ রাখার সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে অভিহিত করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ দিবসের আবহে কলকাতা পুরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এটি শুধুমাত্র একটি রাস্তার নাম পরিবর্তন নয়, বরং ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সংশোধন।
শনিবার সামাজিক মাধ্যমে শুভেন্দু অধিকারী দাবি করেন, দীর্ঘদিন ধরে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এমন এক ব্যক্তির নাম বহন করছিল, যার ভূমিকা বিভাজন ও রক্তক্ষয়ের ইতিহাসের সঙ্গে জড়িত বলে বিতর্ক রয়েছে। সেই প্রেক্ষাপটে সাহস, আত্মত্যাগ এবং সমাজরক্ষার প্রতীক হিসেবে পরিচিত স্বর্গীয় গোপাল মুখার্জীর নামে রাস্তার নামকরণকে তিনি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন।
শুভেন্দুর বক্তব্য, “এখন সময় পশ্চিমবঙ্গের প্রকৃত নায়কদের স্মরণ করার, তাঁদের অবদানকে যথাযথ মর্যাদা দেওয়ার এবং ইতিহাসের ভুলগুলো সংশোধন করার।”
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী এভিনিউ-এর নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জী রোড’ করার প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।







