কলকাতা

অরূপের রক্ষাকবচে আপাতত ছেদ নয়, ২ জুলাই পর্যন্ত স্বস্তি বহাল প্রাক্তন মন্ত্রীর

মেসি-সফর সংক্রান্ত বিতর্কে আপাতত স্বস্তি বজায় থাকছে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ যে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিল, তা এখনই বাতিল করতে রাজি হয়নি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। অরূপের এই রক্ষাকবচ প্রত্যাহারের দাবিতে শতদ্রু দত্তের দায়ের করা মামলায় আপাতত কোনও হস্তক্ষেপ করেনি আদালত। একইসঙ্গে রাজ্যের পক্ষ থেকেও জানানো হয়েছে, তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন প্রাক্তন মন্ত্রী।

একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন যুবভারতী-কাণ্ডে অভিযুক্ত শতদ্রু দত্ত। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চে মামলার শুনানি হয়। শতদ্রুর আইনজীবীদের বক্তব্য, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তাঁদের দাবি, শুধুমাত্র এফআইআর দায়ের হয়েছে, কিন্তু তদন্ত কার্যত এগোয়নি।

অন্যদিকে অরূপ বিশ্বাসের হয়ে সওয়াল করেন আইনজীবী কিশোর দত্ত। তিনি মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, আদালত একবার তদন্ত সংক্রান্ত নির্দেশ দেওয়ার পর অভিযোগকারীর আর সেই তদন্ত নিয়ে আলাদা করে হস্তক্ষেপ চাওয়ার সুযোগ নেই। ফলে এই আবেদন খারিজ হওয়া উচিত।

দুই পক্ষের বক্তব্য শোনার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানতে চান, অরূপ বিশ্বাস তদন্তে সহযোগিতা করছেন কি না, তিনি আগাম জামিনের আবেদন করেছেন কি না এবং তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিচ্ছেন কি না। এর উত্তরে রাজ্যের আইনজীবী জানান, প্রাক্তন মন্ত্রী নিয়মিত তদন্তে সহযোগিতা করছেন এবং প্রয়োজনমতো হাজিরাও দিচ্ছেন। এরপর আদালত মামলার শুনানি মুলতুবি রেখে আগামী ২ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করে।

উল্লেখ্য, বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশ অনুযায়ী আগামী ১৭ আগস্ট পর্যন্ত অরূপ বিশ্বাসের রক্ষাকবচ কার্যকর রয়েছে। ফলে অন্তত আগামী ২ জুলাই পর্যন্ত এই মামলায় স্বস্তিতে থাকছেন তিনি।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে ভারত সফরে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তাঁকে একঝলক দেখার আশায় বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী টিকিট কেটেছিলেন। কিন্তু অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার জেরে নির্ধারিত সময়ের আগেই যুবভারতী ক্রীড়াঙ্গন ত্যাগ করেন মেসি। এরপর ক্ষুব্ধ দর্শকদের একাংশ ভাঙচুর চালায়।

এই ঘটনার পর থেকেই বিতর্কের কেন্দ্রে উঠে আসেন অরূপ বিশ্বাস। কারণ, সফরের দিন মেসির সঙ্গে একাধিকবার তাঁকে দেখা গিয়েছিল এবং সেই ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদেরও মেসির সঙ্গে দেখা যায়। অন্যদিকে, অনুষ্ঠান আয়োজক শতদ্রু দত্তকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে তিনি অরূপের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে মেসির ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ তোলেন। সেই অভিযোগ ঘিরেই শুরু হয় আইনি লড়াই, যা এখনও আদালতে বিচারাধীন। তবে এখন পর্যন্ত মামলায় বিশেষ স্বস্তি পাননি অভিযোগকারী পক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.