কলকাতা: বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংখ্যালঘু দফতরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন বরানগরের বিজেপি বিধায়ক Sajal Ghosh। মঙ্গলবার তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে।
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে সজল ঘোষ বলেন, রাষ্ট্র যদি প্রকৃত অর্থে নিরপেক্ষ হয়, তাহলে আলাদা করে সংখ্যালঘু দফতরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তাঁর দাবি, “সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে আমরাই মানুষে মানুষে বিভাজন তৈরি করছি।” তিনি জানান, বাজেট পেশের পর বহু মানুষ তাঁকে প্রশ্ন করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কী বরাদ্দ বা পরিকল্পনা রাখা হয়েছে। সেই প্রসঙ্গ টেনেই তিনি সরকারের কাছে এই প্রশ্ন উত্থাপন করেন।
শুধু সংখ্যালঘু দফতর নয়, নিজের বিধানসভা কেন্দ্র বরানগরের একাধিক সমস্যা নিয়েও সরব হন বিজেপি বিধায়ক। স্বাস্থ্য পরিষেবার প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে পরিচিত সাগর দত্ত হাসপাতালের একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ এখনও চালু হয়নি। পাশাপাশি এলাকার রাস্তার বেহাল অবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করে নগরোন্নয়ন দফতরের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
শিক্ষা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও রাজ্য সরকারের সমালোচনা শোনা যায় তাঁর বক্তব্যে। সরকারি স্কুলগুলির পরিকাঠামো ও শিক্ষার মান উন্নয়নের দাবি জানান তিনি। একইসঙ্গে গত কয়েক বছরে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে কড়া সমালোচনা করেন।
সীমান্ত নিরাপত্তার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন সজল ঘোষ। তাঁর দাবি, সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তীব্র রাজনৈতিক আক্রমণ শানিয়ে তিনি বলেন, গত ১৫ বছরে পশ্চিমবঙ্গের পরিস্থিতির অবনতি ঘটেছে।
বিধানসভায় সজল ঘোষের এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে সংখ্যালঘু দফতর নিয়ে তাঁর মন্তব্য আগামী দিনে রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।







