স্বাস্থ্য

সামান্য ভুলেই বাতিল হতে পারে আয়ুষ্মান কার্ডের আবেদন, আগে থেকেই জেনে রাখুন এই বিষয়গুলি

বর্তমান সময়ে চিকিৎসার ব্যয় ক্রমশ বাড়ছে। বড় ধরনের অসুস্থতা বা জরুরি পরিস্থিতিতে স্বাস্থ্যবিমা না থাকলে চিকিৎসার খরচ সামলানো অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়ে। সেই কারণেই দেশের আর্থিকভাবে দুর্বল ও নিম্ন আয়ের মানুষের জন্য কেন্দ্র সরকার চালু করেছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)। এই প্রকল্পের আওতায় বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যায়। পশ্চিমবঙ্গেও সম্প্রতি এই প্রকল্প চালু হয়েছে এবং বহু মানুষ ইতিমধ্যেই আবেদন করেছেন।

তবে আবেদন করার সময় সামান্য কিছু অসঙ্গতি থাকলে আয়ুষ্মান কার্ডের আবেদন বাতিল হয়ে যেতে পারে। তাই আবেদন জমা দেওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ভালোভাবে মিলিয়ে নেওয়া প্রয়োজন।

প্রথমেই দেখে নিতে হবে, ন্যাশনাল হেলথ অথরিটি (NHA)-র পোর্টালে থাকা তথ্য আধার কার্ডের সঙ্গে পুরোপুরি মেলে কি না। নাম, বাবার নাম বা তার বানানে সামান্য অমিল থাকলেও সমস্যা দেখা দিতে পারে।

এছাড়া আবেদনকারীর লিঙ্গ সংক্রান্ত তথ্য ভুল থাকলে আবেদন খারিজ হওয়ার সম্ভাবনা থাকে। জন্মতারিখের ক্ষেত্রেও আধার কার্ড ও পোর্টালে দেওয়া তথ্য এক হওয়া জরুরি। কোনও ধরনের গরমিল থাকলে যাচাই প্রক্রিয়ায় সমস্যা হতে পারে।

ঠিকানার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। আধারে থাকা ঠিকানা এবং এনএইচএ পোর্টালে দেওয়া ঠিকানার মধ্যে পার্থক্য থাকলে আবেদন বাতিল হতে পারে।

তাই আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করার আগে সমস্ত ব্যক্তিগত তথ্য ও নথিপত্র ভালোভাবে যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এতে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি অনেকটাই কমবে এবং প্রয়োজনের সময় বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া সম্ভব হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.