উৎসবের মরসুমে মাত্র ছ’দিনে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে ১২৭ জন রোগীর। গত ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবরের মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। যদিও এত সংখ্যক রোগীর মৃত্যু নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই বলেই দাবি হাসপাতাল সুপারের। তাঁর বক্তব্য, পুজোর সময় বিভিন্ন নার্সিংহোমে চিকিৎসকের ঘাটতি থাকায় সেখান থেকে গুরুতর অসুস্থ বহু রোগীকে শেষ পর্যায়ে উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করা হয়েছিল। তাঁদের মধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত ১২৭ জনের মধ্যে আটজন হাসপাতালে ভর্তি হওয়ার আগেই জরুরি বিভাগে মারা যান। তবে গত বছরের পুজোর পাঁচ দিনে এই হাসপাতালে ৭৭ জন রোগীর মৃত্যু হয়েছিল। সেই তুলনায় এবছর মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় চিকিৎসকদের, বিশেষ করে সিনিয়র চিকিৎসকদের পুজোর ছুটিতে হাসপাতালে উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুজোর ছুটির সময় চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে আগেই চিকিৎসকদের ডিউটির তালিকা তৈরি করা হয়েছিল। কিন্তু সেই সূচি অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক সিনিয়র চিকিৎসক হাসপাতালে উপস্থিত ছিলেন কি না, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়। জুনিয়র চিকিৎসকদের অভিযোগও সেই প্রশ্নকে আরও জোরালো করেছে। তাঁদের দাবি, পুজোর ছুটির আগে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে নির্ধারিত ডিউটি অনুযায়ীই কাজ করতে হবে এবং কোনওভাবেই ডিউটি বদল করা যাবে না। কিন্তু সিনিয়র চিকিৎসকদের ক্ষেত্রে একই নিয়ম কতটা কার্যকর ছিল, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
এদিকে, পুজোর ছ’দিনে উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোম থেকে বিপুল সংখ্যক রোগী রেফার হয়ে উত্তরবঙ্গ মেডিক্যালে এসেছিলেন বলে হাসপাতাল সূত্রে খবর। এই পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেলেও চিকিৎসায় গাফিলতির অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার কৌশিক ঈশোরের দাবি, মৃতদের অধিকাংশই আশপাশের হাসপাতাল ও নার্সিংহোম থেকে গুরুতর অবস্থায় রেফার হয়ে এসেছিলেন।
পুজোর সময়ে বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোমে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেক রোগীকেই উত্তরবঙ্গ মেডিক্যালে পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। বিশেষ করে মেডিসিন বিভাগে মৃত্যুর সংখ্যা বেশি। কিডনি ও লিভারের জটিল অসুখে আক্রান্ত রোগীদের পাশাপাশি স্ট্রোকে আক্রান্ত বহু রোগীও সেখানে রেফার হয়ে এসেছিলেন। তাঁদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে। সুপারের দাবি, কিছু রোগীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নার্সিংহোমেই চিকিৎসা চালিয়ে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তাঁদের মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছিল।
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, পুজোর দিনগুলিতে পথ দুর্ঘটনার সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। ফলে বিভিন্ন জায়গা থেকে গুরুতর অবস্থায় রেফার হয়ে আসা রোগীদের মৃত্যুই সামগ্রিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। একই সঙ্গে পুজোর সময়ে চিকিৎসকদের উপস্থিতি বা হাসপাতালের পরিষেবা নিয়ে কোনও ঘাটতি ছিল বলেও অভিযোগ উড়িয়ে দিয়েছেন সুপার। তাঁর দাবি, পুজোর দিনগুলিতেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা একসঙ্গে পরিষেবা দিয়েছেন এবং চিকিৎসার ক্ষেত্রে কোনও ধরনের অবহেলা বা ব্যবস্থাপনাগত ত্রুটি হয়নি।
উৎসবের সময় হাসপাতালে ভর্তি রোগীদের মন ভালো রাখতে বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়েছিল। অষ্টমীর দিন রোগীদের জন্য খিচুড়ি, পায়েস, চাটনি ও পাপড় দেওয়া হয়। দশমীতে ছিল ভাত, মুরগির মাংস ও চাটনি।







