ভিডিও গেম এখন আর নিছক বিনোদনের মাধ্যম নয়। কারও কাছে এটি অবসর কাটানোর সঙ্গী, কেউ বন্ধুদের সঙ্গে যোগাযোগের জন্য গেমিং করেন, আবার অনেকের কাছে সেটিই পেশা। কিন্তু দীর্ঘ সময় এক জায়গায় বসে গেম খেলা, রাত জাগা, শরীরচর্চা না করা, অনিয়মিত খাবার এবং অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ যদি নিয়মিত অভ্যাস হয়ে যায়, তাহলে পরিস্থিতি নিয়ে চিন্তার কারণ তৈরি হতে পারে। প্রশ্ন উঠছে, এমন জীবনযাত্রার প্রভাব কি পড়তে পারে হৃদ্যন্ত্রেও?
প্রতিযোগিতামূলক গেমিংয়ের সময় জয়-পরাজয়ের উত্তেজনা, রাগ, টেনশন কিংবা জেতার তীব্র আকাঙ্ক্ষা শরীরে স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। অর্থাৎ, শুধু মাঠে খেলাধুলো নয়, দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে বসে গেম খেলার ক্ষেত্রেও জীবনযাপনের ধরন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
তবে সাধারণভাবে ভিডিও গেমকে সরাসরি হৃদ্যন্ত্রের জন্য ক্ষতিকর বলা যায় না। সমস্যা মূলত তৈরি হয় যখন গেমিংয়ের সঙ্গে দীর্ঘস্থায়ী শারীরিক নিষ্ক্রিয়তা এবং অন্যান্য অস্বাস্থ্যকর অভ্যাস যুক্ত হয়ে যায়। হৃদ্রোগ বিশেষজ্ঞদের মতে, প্রতিযোগিতামূলক গেমের সময় তৈরি হওয়া উত্তেজনা শরীরে বাস্তব স্ট্রেস রেসপন্স সৃষ্টি করতে পারে। টানটান পরিস্থিতিতে অ্যাড্রিনালিনের মতো স্ট্রেস হরমোন নিঃসৃত হওয়ায় সাময়িক ভাবে হৃদ্স্পন্দন ও রক্তচাপ বেড়ে যেতে পারে।
ফলে কোনও গুরুত্বপূর্ণ বা উত্তেজনাপূর্ণ ম্যাচ চলাকালীন হৃদ্স্পন্দন বেড়ে যাওয়া কিংবা শরীরে স্ট্রেসের প্রতিক্রিয়া দেখা দেওয়া অস্বাভাবিক নয়। তবে নিয়মিত ভাবে অতিরিক্ত মানসিক উত্তেজনার মধ্যে গেমিং চলতে থাকলে সেটিকে সামগ্রিক জীবনযাপনের প্রেক্ষিতে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
একটি ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আরেকটি ম্যাচ শুরু হচ্ছে, মাঝে নেই পর্যাপ্ত বিরতি। এভাবে দিনের দীর্ঘ সময় চেয়ারে বসেই কেটে যেতে পারে। শারীরিক নড়াচড়া তখন প্রায় থাকেই না। দীর্ঘক্ষণ বসে থাকার অভ্যাস, তার সঙ্গে শরীরচর্চার অভাব ও অস্বাস্থ্যকর খাবার যুক্ত হলে সময়ের সঙ্গে স্থূলতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কোলেস্টেরলের মাত্রায় অস্বাভাবিকতার মতো সমস্যা দেখা দিতে পারে। এগুলিই পরবর্তী সময়ে হৃদ্রোগের ঝুঁকি বাড়াতে পারে।
অর্থাৎ, অতিরিক্ত গেমিংয়ের সমস্যা শুধুমাত্র দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার মধ্যে সীমাবদ্ধ নয়। দিনের পর দিন শারীরিক নিষ্ক্রিয়তা, অনিয়মিত জীবনযাপন এবং ভুল খাদ্যাভ্যাস একসঙ্গে চললে হৃদ্রোগের পরিচিত একাধিক ঝুঁকির কারণ তৈরি হতে পারে।
এর পাশাপাশি ঘুমের বিষয়টিও গুরুত্বপূর্ণ। দীর্ঘক্ষণ গেম খেলার কারণে অনেকে রাতে জেগে থাকেন এবং ঘুমের সময় কমিয়ে দেন। আবার ক্লান্তি কাটাতে নিয়মিত কফি, ক্যাফেইনযুক্ত পানীয় কিংবা এনার্জি ড্রিঙ্কের উপর নির্ভর করেন। অতিরিক্ত ক্যাফেইন কিছু মানুষের ক্ষেত্রে বুক ধড়ফড়, হৃদ্স্পন্দন বেড়ে যাওয়া এবং সাময়িক ভাবে রক্তচাপ বৃদ্ধির কারণ হতে পারে। পর্যাপ্ত ঘুমের অভ্যাস নষ্ট হলে শরীরের স্বাভাবিক সার্কাডিয়ান রিদমও ব্যাহত হতে পারে।
গেম খেলার সময় অথবা খেলা শেষ হওয়ার পর হঠাৎ শ্বাসকষ্ট, তীব্র মাথা ঘোরা, বুকে ব্যথা বা চাপ অনুভব করা, অস্বাভাবিক দ্রুত বা অনিয়মিত হৃদ্স্পন্দন কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে সেটিকে শুধুমাত্র গেমের উত্তেজনা ভেবে উপেক্ষা করা উচিত নয়। এই ধরনের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। উপসর্গ যদি আচমকা এবং তীব্রভাবে শুরু হয়, অথবা ঘাম, বমি বমি ভাব কিংবা অস্বস্তি হাত, চোয়াল বা পিঠের দিকে ছড়িয়ে পড়ে, তাহলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।
যাঁদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বেশি কোলেস্টেরল বা স্থূলতার সমস্যা রয়েছে, কিংবা পরিবারে অল্প বয়সে হৃদ্রোগের ইতিহাস আছে, তাঁদের ক্ষেত্রে সতর্কতা আরও বেশি প্রয়োজন। এর অর্থ গেমিং সম্পূর্ণ বন্ধ করে দেওয়া নয়। বরং খেয়াল রাখতে হবে, গেম খেলার সময় যেন পর্যাপ্ত ঘুম, নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাবার এবং শরীরের দেওয়া সতর্ক সংকেতকে কোনও ভাবেই উপেক্ষা করা না হয়।







