খেলাধুলা

সাফল্যের ছোঁয়ায় বদলে গেল ছবি, সমালোচনার কেন্দ্র থেকে নেতৃত্বের প্রতীক রোনাল্ডো

সাফল্য মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি কত দ্রুত বদলে দিতে পারে, তার সাম্প্রতিক উদাহরণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাই তো ক্রীড়াজগতের সফল ব্যক্তিরা বারবার বলেন, মন খারাপ কিংবা সমালোচনার সবচেয়ে কার্যকর উত্তর হল সাফল্য। পরপর সাফল্য।

বিশ্বকাপের শুরুটা অবশ্য মোটেই সুখকর ছিল না সিআর সেভেনের জন্য। কঙ্গোর বিরুদ্ধে প্রথম ম্যাচে গোল না পাওয়ার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই বলতে শুরু করেন, ৪১ বছর বয়সী রোনাল্ডোর পক্ষে আর আগের মতো পারফরম্যান্স করা সম্ভব নয়। এমনকী ড্রেসিংরুমে তাঁর অবস্থান নিয়েও নানা জল্পনা ছড়ায়। অভিযোগ ওঠে, সতীর্থদের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে এবং অধিনায়ক হিসেবেও নাকি তিনি প্রত্যাশিত সম্মান পাচ্ছেন না। চারদিকে যখন এই ধরনের আলোচনা তুঙ্গে, তখনই নিজের জোড়া গোল এবং দলের পাঁচ গোলের জয়ে পুরো চিত্রটাই বদলে দেন রোনাল্ডো। পর্তুগালের সংবাদমাধ্যম, যারা কয়েকদিন আগেও সমালোচনায় সরব ছিল, তারাই এখন তাঁকে আদর্শ নেতা হিসেবে তুলে ধরছে। মাঠে ও মাঠের বাইরে তরুণ ফুটবলারদের কাছে তিনি অনুপ্রেরণার উৎস—এমন কথাই শোনা যাচ্ছে।

কলম্বিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে শুক্রবার মায়ামিতে পৌঁছবে পর্তুগাল দল। ব্রাজিল, আর্জেন্টিনা এবং পর্তুগালের উপস্থিতিতে বিশ্বকাপের উন্মাদনায় বদলে গিয়েছে গোটা শহরের পরিবেশ। মেসির ঘরের মাঠ হিসেবেই পরিচিত মায়ামি, কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় রোনাল্ডো। উজবেকিস্তানের বিরুদ্ধে দুই গোল করে তিনি ফের নিজের পরিচিত ছন্দে ফিরেছেন। ফলে তাঁকে একঝলক দেখার জন্য সমর্থকদের উন্মাদনা চরমে পৌঁছেছে। সেই কারণেই নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে। টিকিটের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

কঙ্গো ম্যাচের পর এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছিলেন, “একটা ম্যাচ খারাপ গেলেই সবাই বলে আমি শেষ। কিন্তু আমি মাঠেই তার জবাব দিয়েছি।” এই বক্তব্য থেকেই বোঝা যায়, প্রথম ম্যাচের পর কতটা চাপের মধ্যে ছিলেন তিনি। সংবাদমাধ্যমের লাগাতার সমালোচনা তাঁকে নাড়িয়ে দিয়েছিল।

মায়ামিতে দলের বেস ক্যাম্পে তাঁকে দেখা গিয়েছে হালকা অনুশীলন, স্ট্রেচিং এবং আইস বাথ নিতে। পাশাপাশি দীর্ঘ সময় ধরে জুনিয়র ফুটবলারদের সঙ্গে আলাপচারিতাও করেছেন। পরে কলম্বিয়া ম্যাচের প্রস্তুতি বৈঠকে কোচ রবার্তো মার্টিনেজের পাশাপাশি রোনাল্ডোও দলের উদ্দেশে কথা বলেন। তরুণদের অনুপ্রাণিত করার চেষ্টা করেন। এই পরিবর্তন দেখে অবাক পর্তুগিজ সাংবাদিক নুনো। তাঁর কথায়, “এতদিন আমরা রোনাল্ডোকে শুধুই সুপারস্টার হিসেবে দেখেছি। কিন্তু এবার তাঁকে একজন বন্ধুর মতো লাগছে। তরুণদের পাশে দাঁড়াচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। ইউরো জয়ের সময় এমন রোনাল্ডোকে শেষ দেখা গিয়েছিল।”

কঠিন সময়ে অবশ্য প্রথম থেকেই রোনাল্ডোর পাশে ছিলেন কোচ মার্টিনেজ। কঙ্গো ম্যাচের পর যখন অনেকেই তাঁকে প্রথম একাদশের বাইরে রাখার পরামর্শ দিচ্ছিলেন, তখনও কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে রোনাল্ডো তাঁর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। সেই আস্থার ফলও মিলেছে। এখন মার্টিনেজ বলছেন, “ক্রিশ্চিয়ানো শুধু একজন ফুটবলার নন, তিনি দলের সম্পদ। খেলার বিশ্লেষণ এবং কৌশলগত বোঝাপড়ার ক্ষেত্রে তিনি অনেক অভিজ্ঞ কোচের সমতুল্য।”

তাহলে কি সত্যিই বদলে গিয়েছেন রোনাল্ডো? পর্তুগালের ক্রীড়া সাংবাদিকদের মতে, হয়তো তিনি উপলব্ধি করেছেন যে বিশ্বকাপ জয়ের এটাই তাঁর শেষ সুযোগ। তাই ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের সাফল্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন। সেই কারণেই ড্রেসিংরুমে সকলের সঙ্গে আরও সহজভাবে মিশে যাচ্ছেন।

ফুটবল বিশেষজ্ঞদের মতে, কোনও দলের প্রকৃত শক্তি বোঝা যায় কঠিন সময়ে। সাফল্যের সময় সব কিছুই সুন্দর মনে হয়, কিন্তু প্রতিকূল মুহূর্তেই প্রকাশ পায় দল এবং নেতৃত্বের আসল চরিত্র। আর সেই পরীক্ষাতেই আপাতত সফল রোনাল্ডো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.