নিজস্ব সংবাদদাতা: মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথিবীর দুই প্রান্তে আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প। একদিকে ভয়াবহ জোড়া কম্পনে বিপর্যস্ত ভেনেজুয়েলা, অন্যদিকে ৭.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের পূর্ব উপকূল। স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.২ এবং দ্বিতীয়টির মাত্রা ৭.৫। প্রশাসনিক সূত্রের দাবি, গত ১২৫ বছরের মধ্যে এটিই দেশের সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্প।
ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত ১৬৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন প্রায় ৭০০ জন। বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক এলাকা। উদ্ধারকাজে গতি আনতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোটা দেশে জরুরি অবস্থা জারি করেছে সরকার। সেনাবাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার ও ত্রাণকার্য চালাচ্ছেন।
ভেনেজুয়েলার ক্ষত এখনও টাটকা, এর মধ্যেই বৃহস্পতিবার সকালে জাপানের পূর্ব উপকূলে ৭.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। জাপান সরকারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইওয়াতে প্রিফেকচারের উপকূল সংলগ্ন সমুদ্র এলাকায়, প্রায় ৫০ কিলোমিটার গভীরে।
তবে এখনও পর্যন্ত জাপানে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের তীব্রতা যথেষ্ট বেশি হলেও সুনামির বড় কোনও সতর্কতা জারি করা হয়নি। যদিও সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় সামান্য পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছে বিশেষজ্ঞরা।
জাপান সরকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যেই একটি জরুরি দল গঠন করেছে। প্রশাসনের দাবি, যেকোনও সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত।
কয়েক ঘণ্টার ব্যবধানে বিশ্বের দুই প্রান্তে এই ভূমিকম্পের ঘটনা ফের মনে করিয়ে দিল, প্রকৃতির সামনে মানুষের অসহায়তার বাস্তব ছবিটাই সবচেয়ে বড় সত্য।







