বিশ্ব

কাস্পিয়ান সাগর পেরিয়ে ইরানে অস্ত্র? আমেরিকাকে চাপে ফেলতে রাশিয়ার ‘গোপন পথ’ ঘিরে চাঞ্চল্য

ইরান-আমেরিকা সংঘাত যতই তীব্র হচ্ছে, ততই সামনে আসছে মস্কো-তেহরান ঘনিষ্ঠতার নতুন ছবি। একদিকে আমেরিকার দাবি, ইরানের সামরিক পরিকাঠামোয় বড়সড় আঘাত হানা হয়েছে। অন্যদিকে, ইরানের পাল্টা হামলা অব্যাহত। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক রিপোর্টে দাবি, ইরানের অস্ত্রভাণ্ডার ফের শক্তিশালী করতে নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে রাশিয়া।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসির একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়া থেকে ইরানে পাঠানো হচ্ছে বিস্ফোরক, গোলাবারুদ এবং ড্রোন তৈরির বিভিন্ন যন্ত্রাংশ। এমনকি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে প্রয়োজনীয় সরঞ্জামও এই সরবরাহের অংশ হতে পারে বলে উপগ্রহচিত্র বিশ্লেষণ করে ইঙ্গিত মিলেছে।

তবে সবচেয়ে বড় প্রশ্ন—এই বিপুল অস্ত্র পৌঁছচ্ছে কীভাবে?

রিপোর্ট অনুযায়ী, নজরদারি এড়াতে কাস্পিয়ান সাগরকে গুরুত্বপূর্ণ সরবরাহপথ হিসেবে ব্যবহার করা হতে পারে। এই জলপথ রাশিয়া ও ইরানকে সরাসরি সংযুক্ত করেছে। কাস্পিয়ান সাগরের উপকূলবর্তী দেশগুলির মধ্যে রয়েছে রাশিয়া, ইরান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও আজারবাইজান।

অভিযোগ, অস্ত্রবাহী কিছু জাহাজ তাদের অবস্থান শনাক্ত করার ব্যবস্থা বন্ধ করে দিলে গতিবিধি নজরে রাখা কঠিন হয়ে পড়ে। ফলে ইউরোপীয় নজরদারি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চোখ এড়ানোর ক্ষেত্রে এই জলপথ কৌশলগত সুবিধা দিতে পারে।

এর পিছনে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ সমীকরণ। ইউক্রেন যুদ্ধের সময় ইরান রাশিয়াকে শাহেদ-সহ বিভিন্ন ড্রোন সরবরাহ করেছিল বলে অভিযোগ উঠেছিল। এবার সেই সহযোগিতার পাল্টা পর্বে মস্কো তেহরানের সামরিক সক্ষমতা বাড়াতে সাহায্য করছে বলে দাবি করা হচ্ছে।

শুধু রাশিয়াই নয়, ইরানের পাশে রয়েছে চিনও। বিভিন্ন রিপোর্টে দাবি, বেজিংয়ের কাছ থেকে নেভিগেশন, রাডার, নজরদারি প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন সংক্রান্ত প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে তেহরান। রাশিয়া থেকে উপগ্রহচিত্রও ইরানের হাতে পৌঁছচ্ছে বলে অভিযোগ, যা সামরিক লক্ষ্য চিহ্নিত করতে ব্যবহার করা হতে পারে।

তবে রাশিয়া ও চিন—দুই দেশই ইরানকে এই ধরনের সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। ফলে কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র সরবরাহের দাবি কতটা সত্য, তা নিয়ে আন্তর্জাতিক মহলে এখনও প্রশ্ন রয়েছে। তবে এই অভিযোগ সত্যি হলে, ইরান-আমেরিকা সংঘাতে সরাসরি যুদ্ধে না নেমেও মস্কো যে কৌশলগতভাবে তেহরানের পাশে দাঁড়াচ্ছে, তা নতুন করে আলোচনায় আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.