বিনোদন

মঞ্চেই রূপা গঙ্গোপাধ্যায়কে ‘ধরে ফেললেন’ অনুপম খের, তারপরই দিলেন নতুন ছবির চমকপ্রদ প্রস্তাব

দীর্ঘ ২৬ বছর পর ফের বাংলা ছবির প্রযোজনায় ফিরেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক অনুপম খের। সেই উপলক্ষে কয়েক দিনের ব্যস্ত কলকাতা সফরে রয়েছেন তিনি। নতুন বাংলা ছবি ‘শুরু থেকে শুরু’-র আনুষ্ঠানিক ঘোষণা, একাধিক সৌজন্য সাক্ষাৎ এবং তারই ফাঁকে ঘটে গেল এমন এক মজার ঘটনা, যা মুহূর্তের মধ্যে অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে ওঠে।

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পর এই প্রথম কলকাতায় এলেন অনুপম খের। শুক্রবার দুপুরে পিডব্লুডি টেন্টে বৈঠকে যোগ দেওয়ার আগে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে নতুন ছবির ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত শিল্পী-কলাকুশলীরা। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল অভিনেত্রী ও বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়কে। অনুপম খেরের আমন্ত্রণেই তিনি অনুষ্ঠানে যোগ দেন।

অনুপম খের ও রূপা গঙ্গোপাধ্যায়ের পরিচয় বহু দিনের। ‘মহাভারত’ ধারাবাহিকে দ্রৌপদীর চরিত্রে অভিনয়ের পর থেকেই মুম্বইয়ের বিনোদন জগতেও পরিচিত মুখ হয়ে ওঠেন রূপা। সেই পুরনো সম্পর্কের উষ্ণতাই এদিন স্পষ্ট ধরা পড়ে। ক্যামেরার সামনে একসঙ্গে ছবি তোলার পাশাপাশি বেশ কিছুক্ষণ গল্পেও মেতে থাকেন দু’জন।

আড্ডার মাঝেই রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে নিজের স্নেহের কথা প্রকাশ করেন অনুপম খের। তিনি বলেন, “কলকাতায় উনি আমার সবচেয়ে প্রিয় মানুষদের একজন, পাশাপাশি অত্যন্ত প্রিয় অভিনেত্রীও। রূপাজি বিধায়ক হয়েছেন, এতে আমি খুব আনন্দিত। তবে এখন যেহেতু আমি বাংলা ছবি প্রযোজনা করছি, তাই ওঁকে অন্তত দু’বছরে একটি বাংলা ছবিতে অভিনয় করতেই হবে।”

এরপরই শুরু হয় খুনসুটি। উপস্থিত সকলের সামনে অনুপম খের মজার ছলে অভিযোগ করেন, “আজ সকালে আপনাকে মেসেজ করেছিলাম, কিন্তু কোনও উত্তর পেলাম না। ফোনও করেছিলাম, সেটাও ধরলেন না!”

এই মন্তব্যে কিছুটা অপ্রস্তুত হলেও হাসিমুখে রূপা জানতে চান, ঠিক কখন ফোন বা বার্তা পাঠানো হয়েছিল। তখনই নিজের মোবাইল ফোন বের করে কল ও মেসেজের রেকর্ড দেখিয়ে অনুপম বলেন, “এই তো… আপনি ধরা পড়ে গিয়েছেন!”

এই ঘটনাতেই হাসির রোল ওঠে গোটা অনুষ্ঠানে। লজ্জা মিশ্রিত হাসিতে কান ধরেন রূপা গঙ্গোপাধ্যায়। উপস্থিত অতিথিরাও দুই শিল্পীর আন্তরিক বন্ধুত্বপূর্ণ খুনসুটি উপভোগ করেন।

তবে অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক তখনও বাকি ছিল। সাংবাদিক বৈঠক চলাকালীন আচমকাই রূপার দিকে তাকিয়ে অনুপম খের ঘোষণা করেন, “রূপা, আপনি এই ছবিতে অভিনয় করছেন।”

হঠাৎ এমন প্রস্তাবে কিছু মুহূর্তের জন্য হতবাক হয়ে যান অভিনেত্রী। তাঁর মুখের বিস্ময়ই যেন সবটা বলে দিচ্ছিল। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই সেই বিস্ময়ের জায়গা নেয় এক চওড়া হাসি। অনুপম খেরের এই অপ্রত্যাশিত ঘোষণায় অনুষ্ঠানের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অন্যদিকে, দীর্ঘ সময় পর মুম্বইয়ের কোনও বড় প্রযোজনা সংস্থা বাংলা সিনেমায় বিনিয়োগ করতে এগিয়ে আসায় উচ্ছ্বসিত রূপা গঙ্গোপাধ্যায়ও। তাঁর মতে, এই উদ্যোগ বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করছে। অনুপম খেরের হাত ধরে ‘শুরু থেকে শুরু’-র আনুষ্ঠানিক ঘোষণা তাই শুধু একটি নতুন ছবির সূচনাই নয়, বাংলা সিনেমার সামনে নতুন সম্ভাবনারও দরজা খুলে দিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.