যাত্রী বোঝাই বাস চালনোর সময় হঠাত্ হৃদরোগে আক্রান্ত হয় চালক। এরপর নিয়ন্ত্রণহীন বাসটি ৫ জন বাইক আরোহীকে ধাক্কা দেয়। এর মধ্যে ৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে বাসের যাত্রীরাই বাসটিকে নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডা এলাকায়।
প্রতিদিনের মতো উত্তর প্রদেশ সরকারি পরিবহণের বাসটি নয়ডা ডিপো থেকে যাত্রী নিয়ে গন্তব্যের দিকে রওনা হয়েছিল। যাচ্ছিল বুলন্দশহরের দিকে। কিছুটা যাওয়ার পর হঠাত্ বাসের চালক ব্রহ্ম সিং বুকে ব্যথা অনুভব করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। সেই সময় বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন।চালকের হৃদরোগে আক্রান্তের ঘটনা সেই সময় বুঝতে পারেননি যাত্রীরা। হঠাত্ এক যাত্রী দেখেন, বাসটি দু’টি বাইককে সজোরে ধাক্কা মারতে। বাইকের ৫ আরোহী রাস্তায় পড়ে গেলে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। এক জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাটি দেখে আশপাশ থেকে ছুটে আসে পথচলতি মানুষজন। কিন্তু বাসটি থামার কোনও লক্ষ্যণ ছিল না। আপন গতিতে চলতে থাকে বাসটি।
বাসে থাকা এক যাত্রীর সন্দেহ হয়। সিট ছেড়ে এসে দেখেন, চালক অজ্ঞান হয়ে সিটের উপর পড়ে আছেন। হৃদরোগে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ হয় তার। এরপর যাত্রীর মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে অনেক চেষ্টা করে ব্রেক কষে বাসটিকে দাঁড় করিয়েছিলেন যাত্রীরা। বাসের গতি ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটার।
জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে ডানকাউর রেলওয়ে স্টেশনের কাছে মান্ডি শ্যাম নগরের একটি সেতুর কাছে। দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ চালক হৃদরোগে আক্রান্ত হলে, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল বাসটি। বাসটি সময় মতো দাঁড় করানো না হলে, পরিস্থিতি আরও ভয়ানক হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন যাত্রীদের একাংশ।







