রাজ্য

রাজ্যসভার তিন শূন্য আসনে ২৪ জুলাই উপনির্বাচন, বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের

রাজ্যসভার তিনটি শূন্য আসনে উপনির্বাচনের সূচি প্রকাশ করল নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসে চলতে থাকা রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। কমিশনের ঘোষণায় জানানো হয়েছে, আগামী ২৪ জুলাই এই তিনটি আসনে ভোটগ্রহণ হবে। সোমবার এ সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তৃণমূলের অন্দরে ভাঙনের ছবি স্পষ্ট হতে শুরু করে। প্রথমে বিধায়কদের একাংশ বিদ্রোহের পথে হাঁটেন, পরে লোকসভাতেও কয়েকজন সাংসদ দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নেন। পরবর্তীতে দলত্যাগ-বিরোধী আইনের জটিলতা এড়াতে তাঁরা ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ায় যোগ দেন। একই সময়ে রাজ্যসভাতেও ধাক্কা খায় তৃণমূল। দলের বর্ষীয়ান নেতা সুখেন্দু শেখর রায়, যার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত ছিল, গত ৮ জুন সাংসদ পদ থেকে ইস্তফা দেন এবং দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। এরপর সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইকও যথাক্রমে ২০৩০ ও ২০২৯ সাল পর্যন্ত মেয়াদ থাকা সত্ত্বেও সাংসদ পদ এবং দল—দুটিই ছেড়ে দেওয়ার ঘোষণা করেন। ফলে রাজ্যসভার তিনটি আসন শূন্য হয়ে যায় এবং উপনির্বাচনের দিন ঘোষণার অপেক্ষা শুরু হয়।

অবশেষে সোমবার নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৪ জুলাই। ১৫ জুলাই মনোনয়নপত্র যাচাই হবে এবং ১৭ জুলাই পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ২৪ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সেদিনই বিকেল ৫টা থেকে ভোটগণনা শুরু হবে। কমিশন জানিয়েছে, আগামী ২৭ জুলাইয়ের মধ্যে উপনির্বাচনের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.