বিনোদন

আরজি করের ঘটনার আবহে আসছে ‘দ্য কলকাতা ফাইলস’, নতুন ছবির ঘোষণা ঘিরে জোর চর্চা

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক মৃত্যুর ঘটনা এখনও আলোচনার কেন্দ্রবিন্দু। সেই ঘটনার আবহেই এবার বড়পর্দায় আসতে চলেছে নতুন বাংলা ছবি ‘দ্য কলকাতা ফাইলস’। পরিচালনায় সৌভিক দে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে কোথাও সরাসরি আরজি কর মামলার উল্লেখ করা হয়নি, তবুও ছবির কাহিনিতে সেই ঘটনার ছায়া স্পষ্ট বলেই মনে করছেন অনেকে।

ছবির গল্প আবর্তিত হয়েছে সরকারি হাসপাতালের এক তরুণী চিকিৎসক ডা. আরোহী সেনকে ঘিরে। হাসপাতালের দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলার পর রহস্যজনক পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়। এরপর তদন্তের দায়িত্ব পান ক্রাইম ব্রাঞ্চের সৎ ও নির্ভীক অফিসার আদিত্য বর্মন। তদন্ত যত এগোয়, ততই সামনে আসে ক্ষমতা, রাজনীতি ও অপরাধের জটিল যোগসূত্র। এক মায়ের ন্যায়বিচারের লড়াই এবং সত্য উদঘাটনের সংগ্রামই ছবির মূল উপজীব্য।

এই ছবিতে অভিনয় করছেন গৌরব রায়চৌধুরী, রজতাভ দত্ত, চন্দন সেন, লাবণী সরকার, সুদীপ মুখোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায়, পায়েল দাস, অনিন্দ্য পুলক এবং যুধাজিৎ সরকার-সহ একাধিক পরিচিত শিল্পী।

উল্লেখযোগ্যভাবে, এর আগে ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তিকে ঘিরে পশ্চিমবঙ্গে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। সেই ছবিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর, প্রতিবাদ এবং মুক্তি নিয়ে জটিলতা দেখা গিয়েছিল। ফলে ‘দ্য কলকাতা ফাইলস’ ঘোষণার পর থেকেই নতুন করে শুরু হয়েছে আলোচনা।

পরিচালক সৌভিক দে জানিয়েছেন, এটি শুধু একটি রহস্য-রোমাঞ্চের গল্প নয়। তাঁর কথায়, ছবিতে সত্যের অনুসন্ধান, প্রতিবাদ, মানবিকতা এবং ন্যায়বিচারের বার্তাই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। দর্শকদের ভাবতে বাধ্য করার পাশাপাশি সমাজের নানা প্রশ্নও এই সিনেমার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে দাবি নির্মাতার। এখন ছবিটি মুক্তির পর দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলে, সেদিকেই নজর থাকবে চলচ্চিত্র মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.