দেশ

বদ্রীনাথে দানের অর্থে অনিয়মের অভিযোগ, সাময়িক বরখাস্ত মন্দির কমিটির কর্মী

উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দিরে ভক্তদের দানের অর্থের হিসাব নিয়ে অনিয়মের অভিযোগ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তে অসঙ্গতির ইঙ্গিত মেলার পর শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি (বিকেটিসি) তাদের এক কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তে পৃথক কমিটি গঠন করেছে রাজ্য সরকার।

বিকেটিসির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানান, ব্যক্তিগত সচিব প্রমোদ নৌটিয়ালকে তদন্ত চলাকালীন দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনি পদক্ষেপও করা হবে বলে স্পষ্ট জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

সম্প্রতি সামাজিক মাধ্যমে বদ্রীনাথ মন্দিরে দানের অর্থ গণনার সময় অনিয়মের অভিযোগ ভাইরাল হয়। ভৈরব সেনা নামে একটি সংগঠন এই ঘটনায় তদন্ত এবং এফআইআর দায়েরের দাবি তোলে। অভিযোগ ওঠে, দানের অর্থের হিসাবে গরমিল রয়েছে।

এরপরই চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে মন্দির কমিটি। সিসিটিভি ফুটেজ, নথিপত্র এবং সংশ্লিষ্ট কর্মীদের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে গড়ওয়াল বিভাগের কমিশনার আনন্দ স্বরূপের নেতৃত্বে তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তাদের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পর্যটন দফতরের দাবি, প্রাথমিক তদন্তে সব প্রশ্নের সন্তোষজনক উত্তর না মেলায় পৃথক তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে কংগ্রেস গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্ত অথবা বিধানসভার যৌথ কমিটির মাধ্যমে নিরপেক্ষ অনুসন্ধানের দাবি তুলেছে। ঘটনার জেরে বিকেটিসির অধীন ৫২টি মন্দিরে দানের অর্থের হিসাব ও আর্থিক লেনদেনের উপর নজরদারি আরও কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.