পশ্চিম এশিয়ার সংঘাত আরও জটিল রূপ নিচ্ছে। বুধবার গভীর রাতের পর বৃহস্পতিবারও ইরানের বিভিন্ন এলাকায় নতুন করে হামলা চালায় আমেরিকা। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাদের অভিযোগ, এই হামলার পিছনে রয়েছে আমেরিকা। একই সঙ্গে দক্ষিণ ইরানের একাধিক বন্দর শহরেও বিস্ফোরণের খবর সামনে এসেছে। গত দু’দিনে এই সংঘর্ষে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে তেহরান সতর্ক করে জানিয়েছিল, মার্কিন হামলা বাড়লে তারও কঠোর জবাব দেওয়া হবে। সেই হুঁশিয়ারির পরই পশ্চিম এশিয়ায় আমেরিকার মিত্র দেশগুলির দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। উল্লেখযোগ্য বিষয়, সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষ যাত্রার দিনেই এই পাল্টা হামলা চালায় তেহরান।
পশ্চিম এশিয়ার একাধিক দেশে সতর্কতা
ইরানের পাল্টা আক্রমণের জেরে বাহরিন, কুয়েত, কাতার এবং জর্ডনে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দফতর থাকা বাহরিনে অন্তত তিনবার সাইরেন বাজানো হয়। কুয়েত ও কাতারের দিকেও ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ উঠেছে।
জর্ডনের সরকার জানিয়েছে, দুপুরে দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছিল। তাদের দাবি, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। একই দাবি করেছে বাহরিনও। কুয়েতের সেনাবাহিনীর বক্তব্য, তারা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, একটি ক্রুজ মিসাইল এবং ১০টি ড্রোন ধ্বংস করেছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
৯০টি লক্ষ্যবস্তুতে মার্কিন আঘাত
মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানের ৯০টি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সেই অভিযানের ভিডিওও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে বিমানবন্দরের রানওয়ে এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসের দৃশ্য দেখা যায়। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
মৃত ১৪, আহত অন্তত ৭৮
ইরানের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত দু’দিনের মার্কিন বিমান হামলায় অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন এবং ৭৮ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই সশস্ত্র বাহিনীর সদস্য বলে জানা গেছে।
হরমুজ প্রণালী ঘিরে বাড়ছে উদ্বেগ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজে হামলা চালিয়েছে ইরান। সেই ঘটনার পর যুদ্ধবিরতি কার্যত ভেঙে দিয়ে কড়া জবাবের হুঁশিয়ারি দেন তিনি। এরপরই ইরানের বিরুদ্ধে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় আমেরিকা, যার ফলে সংঘাত আরও তীব্র হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে, এর প্রভাব বিশ্ব জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর পড়তে পারে।
ট্রাম্পের হুঁশিয়ারি
ন্যাটো সম্মেলন শেষে সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান, হরমুজ প্রণালীতে জাহাজে হামলার প্রতিক্রিয়াতেই এই সামরিক অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের হামলা হলে আমেরিকার জবাব আরও কঠোর হবে। পাশাপাশি ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, লবণাক্ত জল বিশুদ্ধকরণ প্রকল্প এবং খার্গ দ্বীপকেও লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দেন তিনি।
ইরানের কড়া জবাব
ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেন, “আমেরিকা এখনও বুঝতে পারেনি দাদাগিরি এবং প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য কতটা চড়া হতে পারে। হামলা হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।”
অন্যদিকে, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, সৌদি আরব, তুরস্ক, ওমান এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক পর্যায়ে তৎপরতা চলছে বলে মনে করা হচ্ছে। এদিকে, ভারতও সব পক্ষকে সংযম বজায় রেখে শান্তিপূর্ণ সমাধানের পথে এগোনোর আহ্বান জানিয়েছে।







