খেলাধুলা

চার বছর পরও বদলা নয়, এমবাপে-দেম্বেলের জোড়া আঘাতে সেমিফাইনালে ফ্রান্স

ফুটবলের এক অদৃশ্য জাদুর বাক্স আছে, যেখানে বন্দি থাকে জয়-পরাজয়ের গল্প। একবার সেই বাক্সে কোনও ফল ঢুকে গেলে তা আর বদলানো যায় না। ঠিক যেমনটা হয়েছিল চার বছর আগে। রূপকথার মতো অভিযান চালিয়ে সেমিফাইনালে উঠেছিল মরক্কো। কিন্তু সেই স্বপ্নভঙ্গ করেছিল ফ্রান্স। তারপর কেটে গিয়েছে চার বছর। এই সময়ে দুই দেশের সম্পর্কে নানা ওঠাপড়া হয়েছে। অভিবাসন নীতি নিয়ে ফ্রান্সের কঠোর অবস্থান যেমন বিতর্ক বাড়িয়েছে, তেমনই পশ্চিম সাহারা প্রশ্নে মরক্কোর সার্বভৌমত্বকে সমর্থন জানিয়ে সম্পর্কের বরফও গলিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। তাই বিশ্বকাপে আবার ফ্রান্স-মরক্কো মুখোমুখি হওয়া শুধু ফুটবল নয়, দুই দেশের পোস্ট-কলোনিয়াল ইতিহাসকেও নতুন করে সামনে নিয়ে আসে।

এই ম্যাচ ছিল মরক্কোর কাছে চার বছর আগের যন্ত্রণা ভুলে প্রতিশোধ নেওয়ার সুযোগ। কিন্তু ফুটবল যে সব সময় রূপকথা লেখে না, তা আরও একবার প্রমাণ হল। ইয়াসিন বোনো, আশরাফ হাকিমিদের স্বপ্নভঙ্গ করে আবারও জয় তুলে নিল ফ্রান্স। যেন ফুটবলদেবতা সেই জাদুর বাক্সে আরও একটি মরক্কো-পরাজয়ের কাগজ জমা করে রাখলেন। বদলার লড়াইয়ে সফল হতে পারল না ‘অ্যাটলাস লায়ন্স’। কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের গোলে জিতে শেষ চারে জায়গা নিশ্চিত করল ‘লে ব্লুজ’।

ম্যাচের শুরু থেকেই বলের দখল এবং আক্রমণে আধিপত্য ছিল ফ্রান্সের। এমবাপে, দেম্বেলে, মাইকেল অলিসে ও দেজিরে দুয়ের নেতৃত্বে একের পর এক আক্রমণ গড়ে ওঠে। তবে প্রতিবারই দুর্ভেদ্য রক্ষণ এবং গোলরক্ষক ইয়াসিন বোনোর অসাধারণ দক্ষতা মরক্কোকে ভরসা জুগিয়েছে। ২৫ মিনিটে আশরাফ হাকিমির কাছ থেকে বল কেড়ে নিয়ে এমবাপেকে পাস বাড়ান দুয়ে। দ্রুত বক্সে ঢুকে পড়তেই তাঁকে ফাউল করেন নৌসের মাজরাউই। দীর্ঘ ভিএআর পরীক্ষার পর পেনাল্টির সিদ্ধান্ত বহাল থাকে। কিন্তু স্পটকিক থেকে এমবাপের নেওয়া শট অনায়াসে রুখে দেন বোনো।

এরপরও একের পর এক সুযোগ তৈরি করে ফ্রান্স। দেম্বেলের একাধিক প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। দুয়ের শটও ঠেকিয়ে দেন বোনো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লুকাস ডিগনের শক্তিশালী দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে। অন্যদিকে পাল্টা আক্রমণে ব্রাহিম দিয়াজ কয়েকটি সম্ভাবনা তৈরি করলেও ফরাসি রক্ষণ, বিশেষ করে উইলিয়াম সালিবা, ছিলেন অটল। শেষ দিকে ফ্রি-কিক পেলেও আশরাফ হাকিমির শট লক্ষ্যে রাখতে পারেননি। বলের দখল ছিল ৬৩ শতাংশ ফ্রান্সের হলেও বোনোর দুর্দান্ত গোলকিপিংয়ের জন্য গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে যেন আরও ধারালো হয়ে ওঠে ফ্রান্স। বিরতির পর থেকেই আক্রমণের ঝাঁজ বাড়িয়ে দেয় দিদিয়ের দেশঁর দল। ৬০ মিনিটে তিন ডিফেন্ডারের মাঝখান থেকে বক্সের বাইরে দাঁড়িয়ে দুর্দান্ত বাঁক খাওয়ানো শটে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে। চলতি বিশ্বকাপে এটি তাঁর অষ্টম গোল। একই সঙ্গে বিশ্বকাপে মোট ২০ বার স্কোরশিটে নাম তুললেন তিনি।

প্রথম গোলের ধাক্কা সামলানোর আগেই আবার আঘাত হানে ফ্রান্স। ৬৬ মিনিটে মাইকেল অলিসের বাড়ানো বল থেকে এমবাপে নিখুঁত ওয়ান-টাচে বল বাড়িয়ে দেন দেম্বেলের দিকে। ডান দিক দিয়ে বক্সে ঢুকে নিচু শটে ব্যবধান ২-০ করেন দেম্বেলে। এটি ছিল চলতি বিশ্বকাপে তাঁর পঞ্চম গোল। ৭৭ মিনিটে এমবাপেকে তুলে নেন দেশঁ, যাতে সেমিফাইনালের আগে তাঁকে অযথা ঝুঁকির মুখে না ফেলতে হয়। শেষ দিকে আশরাফ হাকিমি, আজেদিন উনাহি ও এল আইনাউইরা কয়েকটি আক্রমণ গড়লেও গোলের মুখ খুলতে পারেননি। তবে এটাও সত্যি, বোনো না থাকলে ব্যবধান আরও বড় হতে পারত।

কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের এই দাপুটে পারফরম্যান্সের পর একটাই প্রশ্ন সামনে আসছে—এই দলকে থামাবে কে? দুরন্ত ছন্দ বজায় রেখে টানা দ্বিতীয় বিশ্বকাপে শেষ চারে পৌঁছে গেল ‘লে ব্লুজ’। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালেও মরক্কোকে ২-০ গোলে হারিয়েছিল তারা। এবারও একই ব্যবধানে জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ফ্রান্স। এবার তাদের প্রতিপক্ষ হবে স্পেন অথবা বেলজিয়াম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.