দুর্গাপুজোর ঠিক আগে টলিউডে নতুন চমক। এবার পরিচালকের আসনে বসছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। তাঁর এবং অভিনেতা সৌরভ দাসের নতুন প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস’ নিয়ে হাজির হচ্ছে প্রথম প্রজেক্ট পুজোর গান ‘দুগ্গা মা এসেছে’। গানটির সুরকার ইন্দ্রদীপ দাসগুপ্ত, কণ্ঠে আছেন অন্তরা মিত্র। গানের কথা লিখেছেন প্রসূন। মিউজিক ভিডিওর মুখ্য চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। তাঁর সঙ্গে দেখা যাবে ইন্দ্রাশিস রায় ও রাহুল মজুমদারকে। ইতিমধ্যেই গানটির শুটিং শেষ হয়েছে। প্রথম ঝলকে দর্শনাকে দেখা গিয়েছে লাল শাড়িতে, পূজোর আবহে।
যিশু সেনগুপ্ত বলেন,”পুজো আমাদের কাছে রিইউনিয়নের মতো। গোটা পাড়াটাই যেন একটা পরিবারের মতো হয়ে ওঠে। বন্ধুত্ব, প্রেম, খুনসুটি সব রকমের আবেগ মিলেমিশে যায় উৎসবকে কেন্দ্র করে। এই মিউজিক ভিডিওর মাধ্যমে সেরকম একটা গল্প বলতে চেয়েছি।” সৌরভ দাস যোগ করেন,”আমাদের প্রোডাকশন হাউস থেকে ভাল সিনেমা, ভাল গান, ভাল ওয়েবসিরিজ বানানো হবে। শুধু সিনেমা নয়, এন্টারটেনমেন্টের সমস্ত ধরনের প্রজেক্ট আমরা তৈরি করব। দর্শকের কাছে ভাল প্রজেক্ট উপহার দেব। আরও অনেক প্রস্তুতি চলছে, সেগুলো ক্রমশ প্রকাশ্য। আশা করছি, পুজোর এই গান সবার মন ছুঁয়ে যাবে।”
প্রযোজনার এই নতুন যাত্রায় যুক্ত হয়েছেন খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাটও। বাংলা ছাড়াও সর্বভারতীয় স্তরে কাজ করার পরিকল্পনা রয়েছে সংস্থার। জানা গেছে, ইতিমধ্যেই তাঁদের প্রথম ছবির পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। যিশু ও সৌরভ জানিয়েছেন, তাঁরা নতুন শিল্পীদের সুযোগ দিতে চান। সৌরভের কথায়,”ঋতুপর্ণ ঘোষ যিশুদার পথপ্রদর্শক ছিলেন। তাঁর কৃতির ছাপ তো আর প্রযোজনায় পাব না। কিন্তু আরও একজন খ্যাতিমান মানুষ হলেন মহেশ ভাট। আমাদের প্রযোজনায় তাঁকে পুরনো আঙ্গিকে ফিরে পাবেন দর্শক। বলা যেতে পারে, আমাদের প্রযোজনা সংস্থা হাত ধরে প্রথমবার টলিউডে কাজ করছেন মহেশ ভাট।” পুজোর আগে মুক্তি পেতে চলা ‘দুগ্গা মা এসেছে’ তাই শুধু একটি গান নয়, টলিউডে যিশু-সৌরভের প্রযোজনার নতুন অধ্যায়ের সূচনা।







