বলিউডের বিতর্কিত পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’–এর মুক্তি ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত পরিস্থিতি। আগামী ৫ই সেপ্টেম্বর দেশজুড়ে মুক্তির কথা থাকলেও পশ্চিমবঙ্গে ছবির প্রদর্শন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।
অভিনেতা ভিক্টর ব্যানার্জি ছবিটির নির্বিঘ্ন মুক্তির দাবিতে পিটিশন প্রচার অভিযান শুরু করেছেন। রবিবার এক বিবৃতিতে তিনি বলেন,
“আমাদের যথেষ্ট কারণ আছে বিশ্বাস করার যে পশ্চিমবঙ্গে ছবির নির্ধারিত মুক্তিতে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হতে পারে। এ ধরনের পদক্ষেপ শিল্পীসত্তার স্বাধীনতাকে লঙ্ঘন করে, পাশাপাশি নাগরিকদের সত্য ও মুক্ত চিন্তার সাংবিধানিক অধিকারকেও অস্বীকার করে। তাই আমরা রাষ্ট্রপতির কাছে আবেদন জানাচ্ছি, যাতে ছবিটি শান্তিপূর্ণভাবে মুক্তি পেতে পারে।”
অন্যদিকে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর অভিযোগ, কলকাতায় ছবির ট্রেলার লঞ্চ জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁর কথায়,
“এটি বাংলার এবং ভারতের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়কে সামনে আনার সাহসী প্রচেষ্টা। কিন্তু শুরু থেকেই বাধা আসছে।”
তবে শিল্পমহলের ভিন্ন সুর। শহরের এক নামী সিঙ্গল স্ক্রিন সিনেমা হলের কর্ণধার জানিয়েছেন,
“আমরা ছবিটি চালানোর পরিকল্পনা করছি না। কোনও ঝামেলায় জড়াতে চাই না। আমাদের হলের চারটি শোতে বাংলা ছবি চালানোর ইচ্ছে আছে।”
আরও এক কর্ণধার নাম প্রকাশে অনিচ্ছুক অবস্থায় বলেন,
“রাজনৈতিক চাপ ক্রমশ বাড়ছে। ৫ তারিখ সকালে বোঝা যাবে ঠিক কোন কোন সিনেমা হলে ছবিটি প্রদর্শিত হবে। পরিস্থিতি শান্তিপূর্ণ থাকবে কিনা, সেটাই এখন মূল প্রশ্ন।”
এখন দেখার অপেক্ষা, ‘দ্য বেঙ্গল ফাইলস’ কি সত্যিই নির্ধারিত দিনে পশ্চিমবঙ্গের পর্দায় পৌঁছতে পারে, নাকি রাজনৈতিক চাপ ও বিতর্কে আটকে যায় এর মুক্তি।







