পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের লক্ষ্যে কেন্দ্র সরকারের অন্যতম বড় পদক্ষেপ হল পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানো বা E20 ফুয়েল। কিন্তু এই নীতি নিয়ে এবার প্রশ্ন উঠছে সাধারণ মানুষের একাংশের মধ্যে। সম্প্রতি ‘সি ভোটার’-এর একটি জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে, E20 পেট্রল নিয়ে অসন্তোষ রয়েছে এমনকি এনডিএ সমর্থকদের মধ্যেও।
সমীক্ষা অনুযায়ী, দেশের ৫২ শতাংশ মানুষ ইথানল মিশ্রিত পেট্রলের নীতির বিরোধিতা করেছেন। মাত্র ২২ শতাংশ মানুষ এই নীতির পক্ষে মত দিয়েছেন। এনডিএ সমর্থকদের মধ্যেও প্রায় ৪৮.২ শতাংশ এই নীতির বিরোধিতা করেছেন বলে সমীক্ষায় উঠে এসেছে। অন্যদিকে, ২৪.৪ শতাংশ সমর্থক E20 পেট্রলের পক্ষে মত দিয়েছেন।
গাড়ির মাইলেজ কমে যাওয়া এবং ইঞ্জিনের ক্ষতির আশঙ্কাই সাধারণ মানুষের প্রধান উদ্বেগ বলে উঠে এসেছে। যদিও কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি দাবি করেছেন, ইথানল ব্যবহারের কারণে কোনও গাড়ির ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি। তবে বহু গাড়িচালকের অভিযোগ, E20 জ্বালানিতে মাইলেজ কিছুটা কমছে।
কেন্দ্রও স্বীকার করেছে, কিছু গাড়িতে E20 পেট্রল ব্যবহারে ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত মাইলেজ কমতে পারে। পাশাপাশি, এই জ্বালানির দাম সাধারণ পেট্রলের তুলনায় কম হবেই, এমন নিশ্চয়তাও নেই বলে জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক।
বিশেষজ্ঞদের মতে, পরিবেশ সুরক্ষা ও আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্য গুরুত্বপূর্ণ হলেও, গ্রাহকদের আস্থা অর্জন করাই এখন কেন্দ্রের বড় চ্যালেঞ্জ। E20 পেট্রল নিয়ে বিতর্ক আগামী দিনে আরও তীব্র হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।







