বিনোদন

যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তীর ইভেন্ট কো-অর্ডিনেটর, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে যুক্ত এক ইভেন্ট কো-অর্ডিনেটরকে যৌন হেনস্তা ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ। সোমবার অভিযুক্তকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার পর সংশ্লিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা জানিয়েছে, অভিযুক্তকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং ভবিষ্যতে তাঁর সঙ্গে কোনও ধরনের পেশাগত সম্পর্ক রাখা হবে না।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী ও অভিযুক্ত একই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগ, গত ১২ এপ্রিল কাজের কথা বলে চ্যাটার্জিহাট এলাকায় নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে অভিযুক্ত ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে ১২ জুন চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতে ধর্ষণ-সহ একাধিক জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, আদালতে অভিযুক্তের আইনজীবী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, অভিযোগকারিণী ও অভিযুক্তের মধ্যে যা ঘটেছিল তা ছিল পারস্পরিক সম্মতির ভিত্তিতে। অভিযোগ দায়ের করতে প্রায় আড়াই মাস দেরি হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ঘটনার পর সামাজিক মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি জানান, ২০২৪ সাল থেকে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা তাঁর বিভিন্ন অনুষ্ঠানের দায়িত্ব সামলাচ্ছে এবং সেই সূত্রেই অভিযুক্তের সঙ্গে তাঁর পরিচয়। তবে অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জানার পর তিনি স্পষ্ট করে দিয়েছেন, ভবিষ্যতে ওই ব্যক্তির সঙ্গে কোনওভাবেই কাজ করবেন না। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাকেও বিষয়টি জানিয়ে দিয়েছেন বলে উল্লেখ করেন অভিনেত্রী।

এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই টলিউড মহলে জোর চর্চা শুরু হয়েছে। মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। আদালতের পরবর্তী নির্দেশের দিকে নজর রয়েছে সকলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.