ক্রাইমজেলা

গণধর্ষণ-কাণ্ডের রেশ কাটেনি, ফের বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ

বারুইপুরে সাম্প্রতিক গণধর্ষণ, খুন ও এনকাউন্টার বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ সামনে এল। অভিযোগ, খাবারের প্রলোভন দেখিয়ে তাকে বারুইপুরে এনে যৌন নির্যাতনের চেষ্টা করা হয়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অভিযুক্তকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই নাবালিকার বাড়ি উত্তর ২৪ পরগনায়। কোনও কারণে সে বাড়ি ছেড়ে বেরিয়ে শিয়ালদহ স্টেশনে পৌঁছে যায়। সেখানেই অভিযুক্তের সঙ্গে তার পরিচয় হয়। তদন্তকারীদের দাবি, শিয়ালদহ এলাকায় কাজ করা ওই ব্যক্তি নাবালিকাকে একা ঘুরতে দেখে খাবার দেওয়ার কথা বলে বিশ্বাস অর্জন করে। এরপর ট্রেনে করে তাকে বারুইপুরে নিয়ে আসে।

জানা গিয়েছে, অভিযুক্তও বারুইপুরের বাসিন্দা নয়। সে একই জেলার অন্য একটি এলাকার বাসিন্দা। বারুইপুরে ভাড়া নেওয়া একটি ঘরে নাবালিকাকে নিয়ে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। অভিযোগ, ওই ঘরের ভিতরেই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা চলছিল। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী অভিযুক্তকে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে। উদ্ধার হওয়া নাবালিকাকে আপাতত একটি সরকারি হোমে রাখা হয়েছে।

উল্লেখ্য, বারুইপুরের সাম্প্রতিক ঘটনার পর নিরাপত্তা জোরদার করতে গত শনিবার সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি এলাকার বিভিন্ন গলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ওই ঘটনার পর রাজ্যজুড়ে মাদকবিরোধী অভিযানও শুরু হয়েছে। এরই মধ্যে ফের এমন অভিযোগ সামনে আসায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.