কলকাতাখেলাধুলা

কোয়েলের পর অনীক—একই আসরে বিশ্বরেকর্ড ও সোনার পদকে আলো ছড়াল হাওড়া

নিজস্ব সংবাদদাতা: অহমদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার হাওড়ার ক্রীড়াবিদদের হাত ধরে সাফল্যের ঝলক। মঙ্গলবার বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক করেছিলেন হাওড়ার কোয়েল বর। তার দু’দিন পরই হাওড়ার পাঁচলার দেউলপুর গ্রামের কিশোর অনীক মুদি জিতলেন সোনা। মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক আসরে সোনা জিতে গোটা রাজ্যের মুখ উজ্জ্বল করলেন তিনি।

অনীকের সাফল্যের পেছনে আছেন তাঁর বাবা শ্রীকান্ত মুদি। প্রাক্তন জাতীয় ভারোত্তোলক শ্রীকান্ত রেলের চাকরির পাশাপাশি নিজের বাড়িতেই তৈরি করেছিলেন আখড়া। সেখানেই ২০১৯ সাল থেকে ছেলেকে হাতে ধরে গড়ে তোলেন তিনি। বাবার কঠোর অনুশাসন ও প্রশিক্ষণের ফলেই অল্প বয়সে নজর কাড়েন অনীক। হাওড়া জেলা থেকে শুরু করে রাজ্যস্তরের একাধিক প্রতিযোগিতায় সোনা জেতার পর এবার আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের ঝলক।

অহমদাবাদের আসরে ৬৫ কেজি বিভাগে অনীক মোট ২৩৮ কেজি ওজন তুলে সোনা জিতেছেন। স্ন্যাচে ১০৩ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১৩৫ কেজি ওজন ওঠান তিনি। ছেলের এই সাফল্যে গর্বিত মা পুষ্প মুদি বলেন, “গোটা গ্রামে আনন্দের হাওয়া। ছেলে যখন সোনার পদক জিতল, তখন গ্রামে মিষ্টি বিলি হয়েছে। ওর স্বপ্ন একদিন অলিম্পিক্সে নামা।”

গ্রামের মানুষও সমান খুশি। অনীকের এক আত্মীয় বিশ্বজিৎ মুদি জানালেন, “ও গ্রামে ফিরলে সংবর্ধনার আয়োজন হবে। আমরা চাই, আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও সাফল্য পাক।”

বর্তমানে দ্বাদশ শ্রেণির ছাত্র অনীক খেলাধুলোর পাশাপাশি পড়াশোনাতেও মন দিচ্ছেন। অবসরে পছন্দের খাবার মাংস ও মিষ্টি। ছেলে বাড়ি ফিরলে নিজের হাতে রান্না করে খাওয়ানোর অপেক্ষায় আছেন মা।

এর আগে একই চ্যাম্পিয়নশিপে হাওড়ার কোয়েল বর যুব ভারোত্তোলনে বিশ্বরেকর্ড ভেঙে সোনা জিতেছিলেন। ৫৩ কেজি বিভাগে তিনি মোট ১৯২ কেজি ওজন তোলেন। স্ন্যাচে ৮৫ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৭ কেজি ওজন তুলে একের পর এক বিশ্বরেকর্ড স্পর্শ করেন কোয়েল।

একই প্রতিযোগিতায় কোয়েল ও অনীকের ঝলমলে সাফল্য প্রমাণ করে দিচ্ছে, ভারতের ক্রীড়া মানচিত্রে হাওড়া এখন ভারোত্তোলনের নতুন শক্তিকেন্দ্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.