শিক্ষা

স্কুলে মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ! কী বলছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন নির্দেশ?

রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে এবার কঠোর অবস্থান নিল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। স্কুল চলাকালীন মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণে আনতে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে স্কুলের ভিতরে মোবাইল দিয়ে রিল তৈরি, সামাজিক মাধ্যমে ভিডিও আপলোড এবং অন্যান্য অপ্রয়োজনীয় কাজে ফোন ব্যবহারের অভিযোগ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

নতুন নির্দেশ অনুযায়ী, ক্লাসরুম, পরীক্ষা, প্রার্থনা-সভা কিংবা অন্য কোনও শিক্ষামূলক কার্যক্রম চলাকালীন মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সাধারণভাবে পড়ুয়ারা স্কুলে মোবাইল নিয়ে আসতেও পারবেন না।

তবে কিছু বিশেষ পরিস্থিতিতে ছাড় রাখা হয়েছে। যদি কোনও ছাত্র বা ছাত্রীর বাড়ি স্কুল থেকে অনেক দূরে হয়, চিকিৎসাজনিত জরুরি প্রয়োজন থাকে বা অন্য কোনও যুক্তিসঙ্গত কারণ থাকে, সেক্ষেত্রে প্রধান শিক্ষকের আগাম অনুমতি নিয়ে মোবাইল স্কুলে আনা যাবে। তবে সেই ফোন অবশ্যই সুইচ অফ অথবা সাইলেন্ট মোডে রাখতে হবে। প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষ মোবাইল নিরাপদে জমা রাখার জন্য নিজস্ব ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

অভিভাবকদের প্রতিও গুরুত্বপূর্ণ আবেদন জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিশেষ প্রয়োজন না থাকলে সন্তানদের হাতে মোবাইল দিয়ে স্কুলে না পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। কোনও জরুরি যোগাযোগের প্রয়োজন হলে সরাসরি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার কথাই বলা হয়েছে।

শুধু নিষেধাজ্ঞাই নয়, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার শেখানোর দিকেও জোর দিয়েছে সংসদ। স্কুলগুলিকে সাইবার নিরাপত্তা, ডিজিটাল সচেতনতা এবং সামাজিক মাধ্যমের সঠিক ব্যবহার নিয়ে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। সংসদের মতে, প্রযুক্তির অপব্যবহার রুখে পড়াশোনার পরিবেশ বজায় রাখতেই এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.