সকাল থেকেই থমথমে পরিবেশ বাংলাদেশের রাজধানী ঢাকায়। খাঁ খাঁ করছে রাস্তাঘাট, বন্ধ দোকানপাট। প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়েই মোতায়েন পুলিশ ও সেনাবাহিনী। রাতভর মশাল মিছিল, স্লোগান আর সংঘর্ষের উত্তাপের পর এখন চারিদিকে চাপা উদ্বেগ। কারণ, আজই ঘোষণা হবে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী মানবতাবিরোধী অপরাধ মামলার রায়দানের তারিখ— যেখানে অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এবং প্রাক্তন পুলিশকর্তা চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার-এর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আজ দুপুরে জানাবে রায়দানের দিন। ইতিমধ্যে মামলার অন্যতম অভিযুক্ত আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
এরই মধ্যে গতকাল রাত থেকে ঢাকায় একের পর এক বিস্ফোরণ, ককটেল হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের দাবি, নিষিদ্ধ আওয়ামী লিগ-এর সমর্থকরাই এই বিক্ষোভ ও ধ্বংসযজ্ঞের সঙ্গে যুক্ত। তারা ঘোষণা করেছে আজ রাজধানী লকডাউন থাকবে, রায় ঘোষণার আগে পর্যন্ত “দেশব্যাপী আন্দোলন” চলবে।
অশান্তির আশঙ্কায় রাজধানী এখন কার্যত নিরাপত্তার চাদরে মোড়া।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন (APBn), এবং বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)-এর পাশাপাশি সকাল ৮টা থেকে সেনাবাহিনীর টহল শুরু হয়েছে। মোট ১৭ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে শহরজুড়ে।
বুধবার রাতভর রাজধানীতে প্রবেশের প্রতিটি পয়েন্টে কড়া তল্লাশি চালানো হয়। হোটেল ও মেসগুলোতেও চিরুনি অভিযান চলে। বন্ধ করে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস-এর বাসভবন ‘যমুনা’ সংলগ্ন সমস্ত রাস্তা।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গাজিপুর ও নারায়ণগঞ্জ জেলাতেও মোতায়েন হয়েছে অতিরিক্ত পুলিশ ও BGB বাহিনী।
বিগত কয়েকদিন ধরে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে — তাতে আজকের ঘোষণাই হতে পারে ভবিষ্যতের রাজনৈতিক গতিপথ নির্ধারণের মোড়।
দেশজুড়ে এখন একটাই প্রশ্ন — ‘হাসিনার রায় কী হবে?’







