লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে একসময় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই বিতর্ক আদালত পর্যন্ত পৌঁছায়। শুনানির সময় বিচারপতির মন্তব্যও বিশেষভাবে চর্চায় আসে। তিনি রসিকতার সুরে প্রশ্ন করেছিলেন, “মেসি কি আপনার বাল্যবন্ধু?” সেই ঘটনার আবহেই ফুটবল বিশ্বকাপ ফাইনালের আগে অরূপ বিশ্বাস দাবি করেছিলেন, “আমার মনে হয়, মেসিই গোল্ডেন বুট জিতবেন।” রবিবারের ফাইনালের আগে তাঁর সেই মন্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে আর্জেন্টিনার পরাজয়ের পর ফের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। এই পরিস্থিতিতে প্রাক্তন মন্ত্রীকে খোঁচা দিতে পিছিয়ে থাকেননি বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষও।
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে রবিবার নিজের বিধানসভা এলাকায় ম্যাচ দেখার বিশেষ আয়োজন করেছিলেন রুদ্রনীল ঘোষ। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে বসে তিনি স্পেন ও আর্জেন্টিনার হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করেন। নীল-সাদা জার্সিতে মেসির সমর্থনে গলা ফাটালেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার হার তাঁকে হতাশ করে। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রুদ্রনীল বলেন, “আমি আর্জেন্টিনার সমর্থক, মেসির ভক্তও বটে। কিন্তু যাঁরা সবচেয়ে ভালো ফুটবল খেলেছে, তারাই চ্যাম্পিয়ন হয়েছে। হারটা কষ্ট দিচ্ছে। অনেকে নানা মন্তব্য করছেন, সবটাই চুপচাপ সহ্য করছি। আবার চার বছর পর দেখা হবে। কেউ কেউ বলছেন, অরূপ বিশ্বাসের সঙ্গে যদি মেসির দেখা না হত, তাহলে হয়তো ফল অন্যরকম হতে পারত। কী আর বলব, খুবই খারাপ লাগছে।”
গত বছরের ডিসেম্বরে ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি। তাঁকে একবার কাছ থেকে দেখার আশায় বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী মোটা অঙ্কের টিকিট কেটেছিলেন। কিন্তু অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলার জেরে নির্ধারিত সময়ের আগেই যুবভারতী ক্রীড়াঙ্গন ছেড়ে চলে যান মেসি। এরপর ক্ষুব্ধ দর্শকদের একাংশ ভাঙচুর চালান। সেই ঘটনার পর থেকেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ঘিরে বিতর্ক শুরু হয়। কারণ, সেদিন শুরু থেকেই মেসির সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল। সামাজিক মাধ্যমে মেসির সঙ্গে তাঁর একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এমনকি তাঁর পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদেরও মেসির সঙ্গে ছবি তুলতে দেখা যায়।
অন্যদিকে, অনুষ্ঠান পরিচালনায় অব্যবস্থার অভিযোগে সেদিনই গ্রেপ্তার করা হয়েছিল মেসির ভারত সফরের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্তকে। পরে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তাঁর দাবি ছিল, প্রভাব খাটিয়ে এবং জোর করে মেসির একেবারে কাছে পৌঁছে গিয়েছিলেন অরূপ বিশ্বাস। সেই অভিযোগকে কেন্দ্র করেই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আর বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হারের পর সেই পুরনো বিতর্ক টেনে এনে কটাক্ষের সুরে অরূপ বিশ্বাসকেই দায়ী করলেন রুদ্রনীল ঘোষ।







