রাজনীতি

‘অভিষেককে ছাড়ুন, এক মাস সময়’, মেয়ো রোডের মঞ্চ থেকে মমতার উদ্দেশে মদন মিত্রের বার্তা

মেয়ো রোডে ‘আসল’ তৃণমূলের শহিদ দিবসের সমাবেশের মঞ্চ থেকে ফের মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে যোগ দিয়েছেন তিনি। বিধানসভায় ঋতব্রতদের সঙ্গে বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে ‘আসল’ তৃণমূলে নাম লেখান মদন।

দলবদলের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে দলের ভাঙনের জন্য তাঁকেই দায়ী করেছিলেন মদন। সোমবারের সভামঞ্চ থেকেও সেই সুর আরও চড়া করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে তাঁর বক্তব্য, “পুত্রস্নেহে অন্ধ ছিলেন, সেটা স্বীকার করুন। অভিষেককে ছেড়ে চলে আসুন, আমরা এক মাস সময় দিচ্ছি।”

কলকাতার মেয়ো রোডে আয়োজিত শহিদ দিবসের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মদন বলেন, “একবার শুধু মেনে নিন যে পুত্রস্নেহের কারণে ভুল হয়েছিল। আপনার মাথায় একটি ডিমও পড়তে দেব না। আপনি এগিয়ে আসুন, আমরা উত্তরীয় দিয়ে আপনাকে বরণ করে নেব।” একইসঙ্গে তিনি মমতাকে ‘আসল’ তৃণমূলে যোগ দেওয়ার আহ্বানও জানান।

মদনের বক্তব্যে উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক চ্যালেঞ্জের প্রসঙ্গও। অভিষেক বলেছিলেন, বিক্ষুব্ধ নেতারা যদি দলে ফিরে আসেন, তাহলে তিনি এক ঘণ্টার মধ্যে নিজের পদ ছেড়ে দেবেন। পাশাপাশি তাঁর দাবি ছিল, কেউ আর ফিরে আসবেন না। সেই মন্তব্যেরই জবাব দিয়ে মদন বলেন, “আমরা এক মাস সময় দিচ্ছি। অভিষেকের হাত ছেড়ে তৃণমূলে ফিরে আসুন।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত চার্টার্ড বিমানে যাতায়াতের অভিযোগও আগেই তুলেছিলেন মদন। রবিবার ফেসবুক লাইভে এসে তিনি আরও একবার অভিষেককে নিশানা করে বলেন, “আমাকে ধমক দিয়ে লাভ নেই। ডায়মন্ড হারবার মডেল দেখিয়ে অন্যদের ভয় দেখাতে পারেন, আমাকে নয়। আমি এসবের ভয় পাই না। আমাকে দালাল বলা হচ্ছে, অথচ আমি কারও দালালি করিনি। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আন্দোলন করেছি আমি। ২৭ মাস জেলে থাকার পরও তিনগুণ ভোটে জিতে এসেছি।”

অন্যদিকে, এদিন তারামণ্ডল চত্বরে আয়োজিত মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের সভা থেকেও বিক্ষুব্ধদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেন, যাঁরা দল ছেড়ে চলে গিয়েছেন, ভবিষ্যতে তাঁরা ফিরতে চাইলে যেন তাঁদের আর দলে নেওয়া না হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.