বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচমকাই এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। এক মহলের বক্তব্য, তিনি শুক্রবার যেতে পারেন দিল্লি। আবার অন্য একটি সূত্রের দাবি, মমতা দিল্লি সফর পুরোপুরিই বাতিল করে দিতে পারেন।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার দিল্লি যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। আগামী শনিবার অর্থাৎ ২৭ জুলাই দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক। তাতে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী৷ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সেখানে উপস্থিত থাকার কথা। যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়েরও।
অন্যদিকে, বৈঠকের আগে দলের সাংসদদের সঙ্গে আলোচনাতেও বসার কথা ছিল শুক্রবার। দিল্লিতে একটি মিট দ্য প্রেস কর্মসূচিও ছিল মমতার। তবে শেষ মুহূর্তে সফর পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত উল্লেখ্য, নীতি আয়োগের বৈঠক বয়কট করা হয়েছে কংগ্রেসের তরফে। বাজেট বঞ্চনার অভিযোগে এই বৈঠকে যোগ দেবেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন-সহ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও। এই জোটের কারণে মমতার এই সিদ্ধান্ত বদল, এমনটাও মনে করছেন রাজনৈতিকমহলের একাংশ।







