খেলাধুলা

বেঙ্গালুরু নয়, এবার কোহলিদের ডেরা রায়পুর! হোম গ্রাউন্ড বদলের পথে গতবারের চ্যাম্পিয়নরা

বিরাট কোহলিদের জন্য কি তবে ‘অভিশপ্ত’ হয়ে দাঁড়াল চিন্নাস্বামী স্টেডিয়াম? গতবারের চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবার তাদের প্রিয় ঘরের মাঠ ছেড়ে অনেক দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত প্রায় পাকা করে ফেলেছে। সব ঠিক থাকলে আগামী আইপিএলে আরসিবি-র হোম ম্যাচগুলো আর বেঙ্গালুরুতে নয়, বরং দেখা যেতে পারে অন্য কোনো রাজ্যের স্টেডিয়ামে।

পুরো ঘটনার সূত্রপাত গত বছরের এক মর্মান্তিক দুর্ঘটনা থেকে। আইপিএল জেতার পর যখন উৎসবের জোয়ারে ভাসছিল বেঙ্গালুরু, ঠিক সেই সময়ই স্টেডিয়ামের বাইরে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ১১ জন ভক্তের মৃত্যু হয়। আহত হয়েছিলেন আরও অনেকেই। সেই ঘটনার পর কর্নাটক হাইকোর্ট কড়া পদক্ষেপ নেয়। কিন্তু দুঃখের বিষয় হলো, এতগুলো মানুষের প্রাণ গেলেও দায় নিতে চায়নি কেউই। কর্নাটক সরকার আর স্থানীয় ক্রিকেট সংস্থার মধ্যে একে অপরকে দোষারোপ করার খেলা চলতেই থাকে। এমনকি সরকারের পক্ষ থেকে ঘটনার দায় ফ্র্যাঞ্চাইজির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টাও হয়, যা আরসিবি কর্তারা মোটেও ভালোভাবে নেননি।

সম্প্রতি রাজ্য সরকার চিন্নাস্বামীতে খেলা করানোর সবুজ সংকেত দিলেও বরফ গলেনি। উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার আশ্বাস দিলেও ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট আর সেই স্মৃতি নিয়ে মাঠে নামতে চাইছে না। এমনিতেই ঘটনার পর থেকে আরসিবি-র ভাবমূর্তিতে বড় ধাক্কা লেগেছে। তাই কর্তারা স্থির করেছেন, বির্তক আর আইনি জটিলতা এড়িয়ে এবার নতুন কোনো ঠিকানায় নিজেদের ঘাঁটি গড়বেন। শোনা যাচ্ছে, বেঙ্গালুরু ছেড়ে আরসিবি এবার ছত্তিশগড়ের রাজধানী রায়পুরকে তাদের নতুন হোমগ্রাউন্ড হিসেবে বেছে নিতে চলেছে। রায়পুর স্টেডিয়ামের আধুনিক সুযোগ-সুবিধা এবং পরিবেশ বিরাটদের বেশ পছন্দ হয়েছে। শুরুতে পুণে নিয়ে কথা চললেও সেখানে রাজস্থান রয়্যালস খেলবে বলে শেষমেশ রায়পুরকেই চূড়ান্ত করা হয়েছে। অর্থাৎ, ঘরের মাঠে নিজেদের চেনা দর্শকদের চিৎকারের বদলে এবার ভিনরাজ্যে গিয়েই ভাগ্য পরীক্ষা করতে হবে আরসিবি-কে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.