দেশ

পাঞ্জাবে প্রশ্নফাঁস বিতর্কে তুঙ্গে রাজনীতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির! আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির

পাঞ্জাবে একের পর এক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। ফার্মাসি অফিসার নিয়োগ পরীক্ষা-সহ একাধিক পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে এবার সরব বিজেপি। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রবনীত সিং বিট্টু রাজ্যের শিক্ষামন্ত্রী হরজোট সিংয়ের পদত্যাগ দাবি করেন।

লুধিয়ানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিট্টু অভিযোগ করেন, প্রশ্নপত্র শুধু ফাঁসই হয়নি, তা বিক্রিও করা হয়েছে। তাঁর দাবি, এই ঘটনায় লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই নৈতিক দায়িত্ব নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত।

যদিও এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আম আদমি পার্টি সরকার। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দাবি করেছেন, তাঁর সরকারের আমলে কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। সরকারের বক্তব্য, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষাকেন্দ্র থেকেই প্রশ্ন বাইরে পাঠানোর চেষ্টা হয়েছিল, তবে প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।

এর আগে শিরোমণি অকালি দলও (SAD) অভিযোগ করেছিল, Punjab Teacher Eligibility Test (PTET), দ্বাদশ শ্রেণির ইংরেজি পরীক্ষা এবং ফার্মাসি অফিসার নিয়োগ পরীক্ষা-সহ মোট ছয়টি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। দলটির প্রবীণ নেতা দলজিৎ সিং চিমার মতে, শুধু কঠোর আইন করলেই হবে না; প্রশ্নপত্র ফাঁস রুখতে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং কার্যকর Standard Operating Procedure (SOP) চালু করা জরুরি।

এদিকে এই ইস্যুতে আন্দোলনের ইঙ্গিত দিয়েছে ককরোচ জনতা পার্টি (CJP)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, সম্প্রতি একটি আন্দোলন শেষ হয়েছে। তাই কিছুটা সময় প্রয়োজন। খুব শীঘ্রই পাঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দলের পরবর্তী কর্মসূচি ও রণকৌশল ঘোষণা করা হবে।

পাঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপ ক্রমশ বাড়ছে। বিরোধীরা সরকারের জবাবদিহি দাবি করছে, অন্যদিকে সরকার সমস্ত অভিযোগ খারিজ করে তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দিচ্ছে। এখন নজর, এই বিতর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয় এবং ককরোচ জনতা পার্টি কী ধরনের আন্দোলনের পথে হাঁটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.