আবারও নিজের বিতর্কিত মন্তব্যের জেরে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিজেপি সাংসদ ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসকে ঘিরে ছাত্র আন্দোলন এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও রিলস প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তিনি গোটা জেন-জি প্রজন্মকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ করা এক পোস্টে কঙ্গনা দাবি করেন, পশ্চিমা সংস্কৃতির প্রভাবের কারণে বর্তমান তরুণ প্রজন্মের একাংশ মূল্যবোধ থেকে সরে যাচ্ছে। তাঁর বক্তব্য, এই প্রজন্মের অনেকেই সমাজ বা দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখার পরিবর্তে দায়িত্ব এড়িয়ে চলার প্রবণতা দেখাচ্ছেন। এমনকি তিনি জেন-জি-কে ‘নর্দমা প্রজন্ম’ বলেও উল্লেখ করেন, যা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
অভিনেত্রীর অভিযোগ, বর্তমানে নেশা, মদ্যপান, একাধিক সম্পর্কে জড়িয়ে পড়া এবং দায়িত্বহীন জীবনযাপনকে স্বাধীনতার প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন, অনেকেই বাবা-মায়ের উপার্জনের উপর নির্ভরশীল থেকেও নিজেদের স্বাধীন বলে দাবি করেন, যা তাঁর মতে প্রকৃত স্বাধীনতার সংজ্ঞার সঙ্গে মেলে না।
এই প্রসঙ্গেই কঙ্গনা নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, একজন সত্যিকারের স্বাধীন নারী তিনিই, যিনি নিজের পরিশ্রমে কেরিয়ার গড়ে তোলেন, জীবনের সিদ্ধান্ত নিজেই নেন এবং নিজের প্রতিটি সিদ্ধান্তের দায়ভার গ্রহণ করেন। তাঁর মতে, স্বাধীনতা অর্জন করতে হয় কঠোর পরিশ্রম ও আত্মনির্ভরতার মাধ্যমে, শুধুমাত্র দাবি করলেই তা পাওয়া যায় না।
উল্লেখ্য, এর আগেও দিল্লির যন্তর-মন্তরে নিট ইস্যুতে চলা ছাত্র আন্দোলন নিয়ে সরব হয়েছিলেন কঙ্গনা। আন্দোলনকারীদের আচরণ, ভাষা ও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ভিডিওর কড়া সমালোচনা করেছিলেন তিনি। সেই সময়ও তাঁর মন্তব্যকে ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। এবার জেন-জি প্রজন্মকে নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্য নতুন করে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু করেছে।







